সরবরাহ বাড়ায় দামে চাপ,হরমুজ প্রণালির ঝুঁকিতে অস্থিরতার আশঙ্কা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। সরবরাহ বৃদ্ধি ও বাজারে উদ্বৃত্তের আশঙ্কায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম নিম্নমুখী হয়েছে। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি ও জ্বালানি পরিবহণ নিয়ে অনিশ্চয়তা বাজারে উদ্বেগ ধরে রেখেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ২৩ সেন্ট বা ০.২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমে আসে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী,সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
তেলের দাম কমলেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, নৌমাইনে আঘাতের পর হরমুজ প্রণালিতে তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।
অন্যদিকে,ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করছে। লিবিয়ার শারারা তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় দেশটির সরবরাহ বেড়েছে। এ ছাড়া ডয়চে ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, অক্টোবরে বিশ্ববাজারে পর্যবেক্ষণ করা তরল জ্বালানির মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। এতে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল উদ্বৃত্ত সরবরাহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বাজারে সরবরাহ বৃদ্ধি ও উদ্বৃত্তের আশঙ্কা তেলের দাম কমাচ্ছে। তবে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স
জ্বালানি তেলের দাম, বিশ্ববাজারে তেল, হরমুজ প্রণালি