গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন,গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।
এ ছাড়া ঢাকা,গাজীপুর,নারায়ণগঞ্জ,ময়মনসিংহ,ফরিদপুর,চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েন এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা,শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা,সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে,সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব,শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।
বিজিবি মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা