সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে বোট বিকল,২৯ পুণ্যার্থী উদ্ধার

  • সকালের আলো ডট কম ডেস্ক
  • ২০২৬-১১-২৩ ১৩:৩৫:৫৪
image

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোট থেকে ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন পুণ্যার্থীরা। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীরা বিপাকে পড়েন।
এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা থেকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পরে লইট্টা খালি খাল এলাকায় বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন,জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সুন্দরবনের দুর্গম নদীপথে রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের যাতায়াতের সময় এ উদ্ধার অভিযান বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়ক হয়েছে।

সুন্দরবনে২৯পুণ্যার্থীউদ্ধার, রাসপূর্ণিমাউৎসব, কোস্টগার্ড