গুণী চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৬-১১-২৩ ১১:৫১:৫৯
image

শেখ নজরুল ইসলাম। চলচ্চিত্র পরিচালক-প্রযোজক,কাহিনীকার,সংলাপ রচয়িতা,চিত্রনাট্যকার,গীতিকার ও অভিনেতা।
দেশীয় চলচ্চিত্রের বাণিজ্যিক তথা বিনোদনের ধারাকে সমৃদ্ধকারী নির্মাতাদের অন্যতম একজন তিনি। তাঁর নির্মিত প্রায় সব চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যবসাসফল এবং সিনেমাদর্শক কর্তৃক সমাদৃত হয়েছে। সামাজিক ছবির গুণী নির্মাতা হিসেবে তিনি সুপরিচিত। একটি ছবিতে তিনি নায়ক হিসেবে অভিনয়ও করেছেন।
গুণী চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৫ সালের ২৩ নভেম্বর(২২ নভেম্বর রাত ১২:৩০মিঃ), ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত এই গুণি চিত্রপরিচালকের প্রতি  বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
শেখ নজরুল ইসলাম ১৯৪৪ সালের ৭ নভেম্বর, নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ এম, এ, (বাংলা) পাস করেন। 
চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় 'অবশেষে' নামে একটি ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনার মধ্য দিয়ে, যদিও ছবিটি মুক্তি পায়নি। এরপর, চলচ্চিত্রকার খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এ সময় তিনি 'সাত ভাই চম্পা' ছবিতে অভিনয়ও করেছেন। পরে জহির রায়হানের সঙ্গেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। অসমাপ্ত 'লেট দেয়ার বি লাইট' ছবির তিনি অন্যতম সহকারী পরিচালক ও অভিনেতা । 
শেখ নজরুল ইসলাম পরিচালিত প্রথম চলচ্চিত্র 'চাবুক' মুক্তি পায় ১৯৭৪ সালে। তাঁর পরিচালিত অন্যান্য ছবিগুলো হল- নদের চাঁদ, এতিম, নাগিন, মাসুম, ঈদ মোবারক, আশা, পরিবর্তন, নতুন পৃথিবী, দিদার, সালমা, বউ শ্বাশুড়ী, বিধাতা, কসম, স্ত্রীর পাওনা, চাঁদের আলো, চাঁদের হাসি, চক্রান্ত, সিংহপুরুষ, খতম, গজব, দমন, জোছনার প্রেম, মা বড় না বউ বড়, বড় লোকের ১০ দিন গরিবের ১ দিন, প্রভৃতি। 
এরমধ্যে তিনি 'দমন' ও 'খতম' এই দুটি ছবি প্রযোজনাও করেন। এবং 'সালমা' ছবিতে তিনি 'জীবন' নামে নায়ক হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রে শেখ নজরুল ইসলামের অন্যান্য কর্ম-- চাঁদের আলো (চিত্রনাট্য-সংলাপ-কাহিনী-গীতিকার), মহৎ (সংলাপ), চাঁদের হাসি (চিত্রনাট্য-সংলাপ-কাহিনী-গীতিকার), খতম (চিত্রনাট্য-সংলাপ-কাহিনী), গজব (চিত্রনাট্য-কাহিনী), দমন (চিত্রনাট্য-সংলাপ-কাহিনী-গীতিকার), বড়লোকের ১০ দিন গরীবের ১ দিন (চিত্রনাট্য-সংলাপ-কাহিনী-গীতিকার)।
তিনি 'চাঁদের আলো' ছবিতে গান গেয়েছেন ও 'বড়লোকের ১০ দিন গরীবের ১ দিন' ছবির 
সঙ্গীত পরিচালনাও করেছেন।
শেখ নজরুল ইসলাম একজন গল্পকার ও টিভি নাট্যকারও। 
একজন বহুমুখী প্রতিভাবান মানুষ ছিলেন শেখ নজরুল ইসলাম। তিনি একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার, অভিনেতা, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও সর্বোপরি একজন চলচ্চিত্র পরিচালক-প্রযোজক। চলচ্চিত্রের সকল শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ। এতো গুণে গুণান্বিত এই মানুষটি তাঁর যোগ্য সম্মান বা প্রচার-প্রসার কিছুই পাননি জীবদ্দশায়। এতো সুন্দর সুন্দর ভালো ভালো সামাজিক ছবি নির্মাণ করেও, তেমন একটা পাদপ্রদীপের আলোয় আলোকিত হতে পারেননি তিনি। 
একজন ভালো মানুষ, একজন ভালো নির্মাতা শেখ নজরুল ইসলাম তাঁর কর্মগুণে অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে।