৩-০ গোলে হেরে বিপাকে মেসির মিয়ামি,লাল কার্ড দাবি প্রতিপক্ষ কোচের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-১১-২২ ২৩:৩০:০২
image

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মিয়ামি। হারের পাশাপাশি প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি। কলম্বাসের কোচ লরেন্ত কুর্তোয়ার মতে, এ ঘটনায় মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটনাটি ঘটে। এর আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল মিয়ামি এবং ১-০ গোলে পিছিয়ে ছিল দলটি। থ্রো-ইন নেওয়ার সময় কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়া মেসির সামনে অবস্থান নেন। কয়েকবার সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে একপর্যায়ে তাঁর মুখের দিকে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন তারকা।
রেফারি অ্যালেন চ্যাপম্যান এ ঘটনায় মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাস কোচ কুর্তোয়া বলেন, মেসির আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। তাঁর ভাষায়, হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি প্রাপ্য ছিল মেসির।
অন্যদিকে,রেফারি চ্যাপম্যান হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁর মতে, বল ছোড়ার শক্তি ছিল নগণ্য এবং ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি।
ম্যাচে কলম্বাসের হয়ে চিলির ফরোয়ার্ড গনসালো তাপিয়া পেনাল্টি থেকে প্রথম গোল করেন। বিরতির পর তাহা হাব্রুন ব্যবধান দ্বিগুণ করেন। পরে তাপিয়া নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে এগিয়ে গেল ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে।

লিওনেলমেসি, ইন্টারমিয়ামি, এমএলএসপ্লেঅফ