অ রু ণি মা চ্যা টা র্জী

  • পোড়া গন্ধ
  • ২০২৬-১১-২২ ২২:২১:২৯
image

কিছু পুড়ছে !!
নাকে আসছে না গন্ধ?
নাকি দীর্ঘ ধোঁয়ায়
গন্ধ চেনার ক্ষমতাও
আজ অভ্যস্ত ছাইয়ে!

শহরের বাতাসে
কালো অক্ষরের ওড়াউড়ি,
বইয়ের পাতা থেকে
উঠছে পোড়া শব্দ।
কেউ বলছে অন্য পক্ষ,
কেউ অন্য মত !!
কেউ ধর্মের হিসেব মেলায়,
কেউ ইতিহাসের।
আগুন কিন্তু পরিচয়হীন !
তার কাছে সব মলাটই দাহ্য।

আজ একটি বই,
কাল একটি প্রশ্ন !!
পরশু আপনার গলারস্বর।
আগুনের কোনও রাজনৈতিক দল নেই,
অথচ তার পক্ষে মানুষের অভাব নেই।
বই তো অজুহাত!
টার্গেট সেই জানলাটা 
যে পথে অন্য পৃথিবীর
আলো এসে পড়ে।

কলেজস্কোয়ারে সেদিন
কোনও দলের মিছিল ছিল না,
ছিল বইপ্রেমী মানুষের পায়ের ধুলো,
কারও হাতে রবীন্দ্রনাথের
মানবতাবাদী অক্ষর,
কারও হাতে মার্কসের
বিপ্লবী ইশতেহার,
কেউ বয়ে এনেছিলেন বিবেকানন্দের
জাগ্রত দর্শন,
কেউ জীবনানন্দের নির্জন বিষাদ।
মলাট আলাদা,পাঠ আলাদা,
বিশ্বাসেরও নিজস্ব মানচিত্র !!
তবু একই পথে হেঁটেছিল পাঠকেরা।
কোনও রাজনৈতিক পরিচয়ে নয়,
প্রিয় বইয়ের টানে !!
পাঠের স্বাধীনতা বুকে নিয়ে।

আপনি যাননি, ঠিক আছে !!
কিন্তু পোড়া গন্ধ পেয়েও
যদি নীরব থাকেন,
একবার নিজের নীরবতাকে
আয়নার সামনে দাঁড় করান।
গায়ে এখনও লাঠির দাগ পড়েনি,
তাই এত নিশ্চিন্ত?
সব আঘাত শরীরে নামে না।
কিছু নামে ভাষায়,
কিছু চিন্তার শিকড়ে,
কিছু মানুষের ভেতরে,
শেষ স্বাধীন কুঠুরিতে।

বাম না ডান !!
মার্কস না ফেদেরিক,
ধর্ম না অধর্ম!!!
আজ থাক তর্ক।
আগে ঠিক করুন,
আপনার অপছন্দের বইটিও
প্রিয় বইয়ের পাশে
বেঁচে থাকার অধিকার পাবে কি না।

নিজের লাইব্রেরিটা সামলান।
শুধু বই নয় !!
সামলান পাঠের স্বাধীনতা,
মত বদলের সাহস,
প্রশ্নের উত্তরাধিকার।
বই পুড়লে কাগজই শুধু ছাই হয় না,
মাথার ভেতর একটি করে দরজা বন্ধ হয়।

একদিন দেখবেন,সব বই অক্ষত !!
শেলফে ধুলো নেই,
মলাটে দাহের চিহ্ন নেই।
শুধু কোনও বই খুলে
আর নতুন করে ভাবতে পারছেন না।
সেদিন বুঝবেন,
আগুন লাইব্রেরিতে আসেনি,
আপনার ভিতরেই
তার কাজ শেষ করে গেছে !!