প্র দী প গু প্ত

  • সইয়ে নিলে
  • ২০২৬-১১-২২ ২১:২৭:০৫
image

বেশ কিছু সময় ধরে চোখ দুটোকে
সইয়ে নিলে অনেক অসুন্দরও
ধীরেধীরে সুন্দর হয়ে যায়। 
যদি মনে করো,
তাহলে জ্বলন্ত উনুনের পাশে বসে গরম, আর
বরফের ভেতরে সেঁধিয়ে গিয়ে ঠান্ডাকেও সইয়ে
নিতে পারো।
মুখ বুজে সইয়ে নিতে পারো গরম মেজাজ
অথবা চোখ বুজে সইয়ে নিতে পারো যত অন্যায়।
মানের তোয়াক্কা না করে অবলীলায় অপমানকে
আর অন্ধকারে চোখ চালিয়ে সইয়ে নিতে পারো
ঘুটঘুটে নিকষ কালো গাঢ় ঘন অন্ধকার।
পেটে গামছা বেঁধে সইয়ে নিতে পারো ক্ষিদে
আর পিঠে বস্তা বেঁধে উন্মত্ত চাবুকের ঘা।
কান বন্ধ করে সইয়ে নিতে পারো রাজ্যের খিস্তীখেউর,
আর নাক বন্ধ করে অনায়াসে সইতে পারো দুর্গন্ধ।

যদি শীতকে সইয়ে নিতে পারো, তা'হলেতো
পৃথিবীর সমস্ত শহরের ফুটপাথ গুলো তোমারই,
আর যদি ঝড় বৃষ্টিকেও একটু সইয়ে নিতে পারো
তাহলে যতগুলো খড়ের চালা আছে, আছে গাঁয়ের
কুঁড়েঘর, অথবা হাটের মাঝের আটচালা,
সবারই তো মালিক তুমিই।

যদি তুমি ভাবো এতকিছু কেন সইবো?  
যত অন্যায় আর বেঠিক সব কিছু সইবার দায় কি আমারই? 
সে তা তুমি ভাবতেই পারো।
কারন তুমি ততক্ষণে উচ্ছন্নে গেছ।
তোমার মাথা চিবিয়ে খেয়েছে কোন অমানুষ।
সইয়ে নিতে জানতে হবে ভায়া, জানতে হবে
কি ভাবে মুখ বুজে সইয়ে নিতে হয়।
সইয়ে নিলে থাকো। 
নইলে ফেটে যাও এই সইয়ে নেওয়ার পৃথিবী থেকে ---।

ছবিগুলো দিল্লী কবিতা উৎসব উপলক্ষে ১৭ ও ১৮ র ঘোরাঘুরি। 
কুতুবমিনার, ফতেপুর সিক্রি ও তাজমহল।