মহেশখালীতে কোস্ট গার্ডদের অভিযান ডাকাতির প্রস্তুতিকালে দুই বন্দুকসহ দুই ডাকাত আটক

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-২১ ২৩:৩৯:২৫
image

 মহেশখালী (কক্সবাজার) 
মহেশখালীর উপকূলীয় এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে  দেশীয়  তৈরি  দুটি  আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট   গার্ড।  ২০  নভেম্বর (শুক্রবার) গভীর   রাতে কুতুবজোম  উপকূলীয়  এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে   তাদের  আটক  করা হয়। কোস্ট  গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের আরও ৩-৪ সদস্য পালিয়ে   গেলেও   আটক   দুজনের  দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন  আস্তানায়  অভিযান  চালিয়ে উদ্ধার করা হয়েছে দুটি লম্বা বন্দুক।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযানে উপকূলীয় এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা এবং অবৈধ অস্ত্রের মজুত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়   উপকূলীয়   জনপদে  ডাকাতি ও অস্ত্রধারী অপরাধীদের তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়  ধরনের   চ্যালেঞ্জ। বিশেষ  করে  সাগর ও উপকূলনির্ভর জেলে,নৌযানচালক এবং ব্যবসায়ীদের নিরাপত্তা  নিশ্চিত  করা  জরুরি। এমন  পরিস্থিতিতে ডাকাতির  উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের দ্রুত অভিযানকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট  গার্ড কক্সবাজার স্টেশনে  আয়োজিত   সংবাদ  সম্মেলনে  অভিযানের বিস্তারিত তুলে ধরেন স্টেশন   কমান্ডার  লেফটেন্যান্ট কমান্ডার   মোঃ আরাফাত  হোসেন।  আটক  ব্যক্তিরা হলেন    মহেশখালী    উপজেলার    বড়    মহেশখালী ইউনিয়নের   ০৫ নম্বর  ওয়ার্ডের  বাসিন্দা  মোঃ নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে   বাবু (৪৫)।  কোস্ট  গার্ডের দাবি,আটক দুজন চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য।ডাকাতিসহ বিভিন্ন অপরাধে  জড়িত  থাকার  অভিযোগে  তাদের বিরুদ্ধে একাধিক  মামলা   রয়েছে  এবং  এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার   মোঃ  আরাফাত  হোসেন  জানান, শুক্রবার (২০ নভেম্বর)   রাত     আনুমানিক      ১০টার    দিকে
মহেশখালীর    কুতুবজোম     উপকূলীয়     এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের  জড়ো  হওয়ার খবর পায়   কোস্ট   গার্ড। খবরের   গুরুত্ব   বিবেচনায়  দ্রুত একটি বিশেষ দল সেখানে  অভিযান  পরিচালনা করে। এ সময়  কোস্ট   গার্ডের   উপস্থিতি  টের পেয়ে সন্দেহ ভাজন  ব্যক্তিরা  পালানোর  চেষ্টা  করেন। পরে ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্য ৩-৪ জন পালিয়ে যান।  তিনি  আরও  জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি  চালানো হয়।  সেখানে  দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি   লম্বা   বন্দুক   উদ্ধার   করা   হয়।  উদ্ধার হওয়া অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত   রাখা   হয়েছিল   কি না, তা   তদন্তের  মাধ্যমে নিশ্চিত  হওয়ার  বিষয়   রয়েছে। কোস্ট   গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক   ব্যক্তিরা  ডাকাতিসহ  বিভিন্ন অপরাধে  জড়িত  বলে  তথ্য  পাওয়া   গেছে।  তাদের বিরুদ্ধে  একাধিক   মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে  মহেশখালী  থানায়  মামলা   দায়েরের প্রস্তুতি চলছে।
পলাতক সদস্যদের নিয়ে বাড়ছে অনুসন্ধানের গুরুত্ব
অভিযানে   ডাকাতদলের   দুই সদস্য  আটক হলেও পালিয়ে  যাওয়া অন্য   সদস্যদের  পরিচয় শনাক্ত ও আটকের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।একই সঙ্গে উদ্ধার হওয়া   দেশীয়  অস্ত্রের উৎস, অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে  এবং অপরাধী  চক্রের সঙ্গে অন্য কারও  সম্পৃক্ততা  রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা প্রয়োজন।উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, অপরাধীদের আস্তানা   শনাক্ত, অবৈধ   অস্ত্র   উদ্ধার  এবং সংঘবদ্ধ চক্রের  নেপথ্যের  সহযোগীদের চিহ্নিত করাও জরুরি। বিশেষ  করে  সাগরপথে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা,  নৌযান চলাচল  এবং   উপকূলীয় জনপদে স্বাভাবিক   জীবনযাত্রা   বজায়   রাখতে  কোস্ট গার্ড, পুলিশসহ  সংশ্লিষ্ট  আইনশৃঙ্খলা   রক্ষাকারী  বাহিনীর সমন্বিত  নজরদারি  জোরদারের  দাবি রয়েছে। কোস্ট গার্ডের  এ অভিযানকে   অপরাধ   দমনে    ইতিবাচক পদক্ষেপ   হিসেবে    দেখলেও    স্থানীয়দের   প্রত্যাশা, পালিয়ে    যাওয়া     ব্যক্তিদের    দ্রুত   আটক   এবং ডাকাতদলের  পুরো  নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায়   আনা   হবে।   তবেই   উপকূলীয় জনপদে সাধারণ  মানুষের নিরাপত্তা   নিশ্চিত করার ক্ষেত্রে এ অভিযান কার্যকর ভূমিকা রাখবে।