ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে ১৮০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং জানান,গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা ১১-তে পৌঁছেছে। দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতে অবৈধ ও ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। এসব সস্তা মদে অনেক সময় বিষাক্ত রাসায়নিক মিথানল মেশানো থাকে,যা শরীরে প্রবেশ করলে অন্ধত্ব,লিভারের ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
এর আগে গত মে মাসে মহারাষ্ট্রের পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে মিথানল মেশানো অবৈধ মদপানে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। গত আগস্টে গুজরাটের ভাবনগর জেলায় বিষাক্ত মদপানে ১৩ জন মারা যান এবং অসুস্থ হন ৬০ জনের বেশি।
মণিপুর, বিষাক্তমদ, ভারত