ঝুঁকি নিয়ে অস্ত্র উদ্ধার, সালথার ওসিসহ পুলিশ দলকে সর্বোচ্চ পুরস্কার

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-১১-২১ ১৯:৩২:৫৩
image

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিপুলসংখ্যক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করেছেন ফরিদপুরের সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। তাঁদের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
গত ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগে থানা ভবনের বিভিন্ন অংশ,আসবাবপত্র, নথিপত্র ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এতে থানার অস্ত্রাগারে থাকা অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ পরিবেশে সরকারি অস্ত্র ও গোলাবারুদসহ ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিরাপদে স্থানান্তর করে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন,প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্বশীলতা,সমন্বয় ও সাহসিকতার মাধ্যমে তাঁরা জননিরাপত্তা রক্ষায় পুলিশের পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার সাংবাদিকদের ওসি বাবলুর রহমান খান বলেন,পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর সহকর্মীদের নিয়ে অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে উদ্ধার করেন। এ দায়িত্ব পালনে তাঁর দলের সদস্যদের অবদানও গুরুত্বপূর্ণ ছিল।

অস্ত্রউদ্ধার, সালথাথানা, পুলিশসাহসিকতা