শিরোমণি তৌহিদুলসহ ২ যুবক গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-২১ ১৮:৪৩:৪২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খুলনার শিরোমনি এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছার বাসিন্দা রিফাত সরদার (২৫)। নিহত রিফাত সরদার খুলনা ডক্টরস পয়েন্টের স্টাফ এবং খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেনের ভাতিজা। অন্যদিকে, তৌহিদুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলামের বাড়ি শিরোমনিতে এবং রিফাত সরদারের বাড়ি পাইকগাছায়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন খুলনা শাখার চাকরির পরীক্ষায় অংশ নিতে তারা ঢাকায় যাচ্ছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবার, সহকর্মীবৃন্দ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।