মো হা ম্ম দ জ হি রু ল ই স লা ম সি ক দা র

  • অপরাজিত
  • ২০২৬-১১-১৯ ২০:৫৫:০৬
image

কোলন ক্যান্সারের রোগী আমি সেই ২০১৮ সাল থেকে আক্রান্ত। 
কতটা বছর কেটে গেল। তবুও বেঁচে আছি... মরিনি এখনো। 
ক্যামো থ্যারাপীতে শরীর জর্জরিত, 
যেনো মিসাইলের আঘাতে আঘাতে কোষের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আগুনের তরঙ্গ।
দেহের ভিতরে চলে যুদধ.... 
অস্ত্রোপচারের মধ্য দিয়ে ইতি টানে প্রথম মহাযুদ্ধ 
তারপর শুরু হয় প্রতিশোধকমূলক দ্বিতীয় মহাযুদধ । 
কেমোথেরাপি  আর রেডিয়েশন থেরাপির ভয়ংকর তান্ডব লীলায় 
ক্ষত বিক্ষত আমার দেহ ভূখণ্ড। 
ভূমিকম্প-সুনামির আঘাতে আমার জীবন লণ্ডভণ্ড।
রুটিনে ছিল দৈনন্দিন জীবনে সিরিঞ্জ,ইনজেকশন, সুঁইয়ের খোচাঁ,
অসহ্য ভয়ংকর বিষের মত লাগতো ওষুধগুলো! 
প্রবেশদ্বার থেকেই যেন শুরু হইতো ভিতরে 
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির বিস্ফোরণ! 
যা সেবনে অনিয়ন্ত্রিত বমি, ঠান্ডায় তীব্র কাঁপুনি, বুকে হইত প্রচন্ড ব্যথা, 
রক্তের শিরা উপশিরায় যেন অনূভূত হইতো বিষাক্ত তেজস্ক্রিয়তা, 
আরো  কতো কি শরীরের নিয়ন্ত্রনহীনতা। 

জীর্ন-শীর্ন দেহ... কতো পরিবর্তন আমার! আমাকে চেনাই যায় না।
এই ই কি আমি? আয়নার সামনে দাঁড়িয়ে আমি হতবাক! 
চেহারা কতো বদলে গেছে, লাবণ্যতা  নেই এতটুকু
কঙ্কালসার দেহ  যেন দুর্ভিক্ষের প্রতিচ্ছবি। 
জীবনধারায় এসেছে বিবর্তন ! 
পরিবর্তন এসেছে মুখের রুচিতে, চোখের জ্যোতিতে,পেটে, ত্বকে, চুলের শিকড়ে,অস্থি মজ্জায়, 
লোপ পায় কিছুটা স্মৃতিশক্তিতেও..... 

মনের শক্তিগুলোর মধ্যে ক্ষীয়মান শান্তির মোমবাতির টিম টিম করা জ্বলা আলো 
প্রায় নিভে যায় যায় অবস্থা...... 
আমি অনেক ক্লান্ত,অবসাদগ্রস্ত। 
আমার ভিতর বাহিরের সম্পূর্ণ মানচিত্র পাল্টে যায়, 
হিরোশিমা-নাগাসাকির হামলার বিধ্বস্ততার মতো। 

যন্ত্রনায় কতো নির্ঘুম রাত কেটেছে ছটফট করে। 
চোখ বুজলেই দেখি  কবরস্থান
খাটিয়ায় বহন করছে একদল মানুষ আমাকে। 
উদ্বেগে, উৎকণ্ঠায় কাটে
হার্টবিট কখন থেমে যায়। 
দোদুল্যমান ভাবনায় আসে কখন যেন মরে যাই, 
নাকি মরেই আছি। 
আমি চলে গেলে কার কি আসে যায়? অবাঞ্ছিত আমি 
তবু বেঁচে থাকি সৃষ্টিকর্তার দয়ায়। 

দুঃস্বপ্নের এই যুদ্ধে হারিয়ে ফেলেছি জীবনের অনেক কিছু। 
স্নায়ুতে অনুভূতি গেছে  কমে... হাতপায়ের আঙুল অনেকটাই অবশ! 
লিখতে পারি না যেন নিরক্ষর
শ্রবণশক্তিও পেয়েছে হ্রাস
আমি যেন পৃথিবীর বুকে মহাজঞ্জাল।

আমার দেহের আভ্যন্তরীণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ করেছে বিপ্লব, 
নতজানু হওয়া সম্পূর্ণ অসম্ভব। 
মৃত্যুর দুয়ার থেকে  ফিরে আসা অপরাজিত এক সৈনিক। 
ক্ষতবিক্ষত হয়েও আমি
 জীবন আলোর ঐহিক।