কুয়েটে শিক্ষক সমিতির উদ্যোগে দুই অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-১১-১৯ ২০:৩৮:২০
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মোঃ গোলাম কাদেরের অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা তাঁর শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার মধ্যেই নিহিত। প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও প্রফেসর মোঃ গোলাম কাদের তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অভিজ্ঞতা, নিষ্ঠা ও কর্মময় জীবন আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক ও অবদান সবসময় অটুট থাকবে। আমি তাঁদের অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করছি।” সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বিদায়ী দুই অধ্যাপক তাঁদের মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে সমৃদ্ধ করেছেন। সহকর্মী হিসেবে তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাঁদের কর্মনিষ্ঠা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।” বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান বলেন, “কুয়েটে দীর্ঘ শিক্ষকতা জীবন আমার কাছে অত্যন্ত গৌরব ও আনন্দের। এই বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনের দীর্ঘ সময় অতিবাহিত করতে গিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম মূল্যবান অর্জন। শিক্ষকতা জীবনের প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে জ্ঞানচর্চা ও তাঁদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাকে অনুপ্রাণিত করেছে। কুয়েটের এই স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে।” অপর বিদায়ী অধ্যাপক প্রফেসর মোঃ গোলাম কাদের বলেন, “কুয়েটে দীর্ঘদিন শিক্ষকতা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার অংশ হতে পারা আমার জন্য গর্বের বিষয়। কর্মজীবনে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুয়েটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, গণিত বিভাগের প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। বক্তারা বিদায়ী দুই অধ্যাপকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী দুই অধ্যাপকের হাতে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।