চাঁপাইনবাবগঞ্জে গাছ কেটে সড়ক অবরোধ,ম্যাজিষ্টেট নিয়ে বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর টহল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৯ ২০:২৫:৪১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  গাছ কেটে সড়ক অবরোধ,ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ¦ালিয়ে  আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শিবগঞ্জের মনাকষা,বিনোদপুর, শ্যামপুর ও কানসাট ইউনিয়নে টহল দিচ্ছে পুলিশ,বিজিবি ও এসআরবি।  এদিকে আওয়ামী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেছে বিএনপি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৯ নভেম্বর) ভোররাতে বিনোদপুর ও শ্যামপুর ইউনিয়নের সীমানায় গোপালনগর হুদমা মোড় নামক স্থানে  সড়ক পাশের অন্তত: ৪টি মেহগনি গাছ কেটে সড়ক অবরোধ করে দূবৃত্তরা। এ সময় অন্তত: একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।  এছাড়া টায়ার জ¦ালিয়ে আগুন দেয়া হয় সড়কে। পরে   সকালে শ্যামপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গাছগুলো সড়ক থেকে সরিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করা হয়।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আওয়ামী দূবৃত্তরাই এ ঘটনার জন্য দায়ী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত  ম্যাজিষ্টেটের নেতৃত্বে যৌথ বাহিনী ৪টি ইউনিয়নে টহল চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। শ্যামপুরে সড়কে কেটে রাখা গাছ স্থানীয়রা সরিয়ে নিয়েছে। তিনি বলেন, বুধবার রাতেও মনাকষা এলাকায় বিজিবি ও এসআরবি টহল দিয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আনিসুর রহমান বলেন,বুধবার সন্ধ্যায় বিনোদপুর ইউনিয়নের ভেতরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। তবে এ সব ঘটনায় কেউ আটক হয় নি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বৃহস্পতিবার জেলা শান্ত রয়েছে। মিছিল-মিটিং বা নাশকতার তেমন কোন খবর পাওয়া যায় নি।
এদিকে বৃহস্পতিবার  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিকালে জেলা শহরে পৃথক মিছিল করেছে বিএনপি ও কৃষক দল।