চৌগাছার ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-১১-১৯ ২০:১৭:৩৯
image

যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশীদ, সংশ্লিষ্ট বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
সভায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ জনবলসংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। সভা পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
এদিকে, চৌগাছার তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি ‘Hello Ambulance BD’ পরিদর্শন করেন অতিথিরা। রিফাতের ‘Rifat Engineering’ ওয়ার্কশপে নির্মাণাধীন অ্যাম্বুলেন্সটিতে সৌর প্যানেলে চার্জিং ও স্বয়ংক্রিয় চার্জিং ব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এ উদ্ভাবনকে উৎসাহিত করেন পরিদর্শনকারী অতিথিরা।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদসহ জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।