লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২৬-১১-১৯ ১৪:০৪:১৫
image

জলাবদ্ধতা নিরসন,পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় জলসম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।
খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় জলাশয় ও খাল সংরক্ষণ,দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন স্থানীয় কৃষি,পরিবেশ এবং জনজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ করা, জলাবদ্ধতা কমানো এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।
কর্মসূচি উদ্বোধনের পর লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু,শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন,খাল পুনরুদ্ধার এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

খালপুনঃখনন, তারেকরহমান, লালমনিরহাটয়