যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের স্থল অভিযান,মধ্যাঞ্চলে ট্যাংক মোতায়েন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-১৯ ১১:০১:১৯
image

দুই বছর ধরে বিমান হামলা ও সামরিক অভিযানের পর এবার গাজার মধ্যাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযানে ইসরাইলি ট্যাংক মোতায়েনের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে সামরিক তৎপরতা বাড়ায় গাজায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরাইলি ট্যাংক অবস্থান করতে দেখেছেন। পরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইডিএফ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে অবস্থিত একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের মূল উদ্দেশ্য। হামাসের নির্মিত ওই সুড়ঙ্গ ইসরাইলি সেনাদের জন্য সরাসরি ও বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে আইডিএফ।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ নির্ধারণ করে ইসরাইল। এই রেখা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা ও হামাস নিয়ন্ত্রিত অংশের মধ্যে বিভাজন তৈরি করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে,মধ্য গাজায় ইসরাইলি বাহিনীর সামরিক তৎপরতা বাড়ার পাশাপাশি গোলাবর্ষণ ও বিমান হামলাও অব্যাহত রয়েছে। গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনী তীব্র গোলাবর্ষণ করছে। মধ্য গাজায় সামরিক যান চলাচলও দেখা গেছে। দুপুর থেকে ওই এলাকায় গোলাগুলির পাশাপাশি বিমান হামলা চলছে বলে জানিয়েছে সূত্রটি।
নতুন করে সামরিক অভিযান শুরুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি ইসরাইলের এ পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, জোরপূর্বক ফিলিস্তিনিদের এলাকা ছাড়ার হুমকি এবং বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
হামাসের দাবি,ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক জনগণকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে খাদ্য,চিকিৎসা,আশ্রয় ও নিরাপত্তার সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নতুন করে স্থল অভিযান, ট্যাংক মোতায়েন ও বিমান হামলার ঘটনা উপত্যকাটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা ও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: এএফপি

গাজায়ইসরাইলিঅভিযান, GazaGroundOffensive, ইসরাইলহামাস