চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৩টি উপজেলা সীমান্তে সাড়ে ৭ মাসে পুশইনের ৮টি চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৮ ১৮:৪৪:১৪
image

সাড়ে ১০ মাসে জব্দ ৯ কোটি টাকার  মাদক সহ  সোয়া ১৩ কোটি টাকার চোরাচালান পন্য
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর এবং নওগাঁর সাপাহার ও পোড়শা উপজেলা সীমান্তে সাড়ে ৭ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক স্থানে ৮ দফায় ৮৪ জনকে বাংলাদেশে পুশইনের  প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রচেস্টাগুলো চালানো হয়। এই সীমান্ত এলাকা থেকে ভারতের মালদা কাছে হওয়ায় পুশইনের  চেষ্টা বেশী হয়। এছাড়া এপ্রিলে ভারতে বিধানসভা নির্বচনের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর পুশইন প্রবনতা বুদ্ধি পায়।
এদিকে ২০২৬ সালের জানুয়ারী থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে ১১১.৫ কিলোমিটার দীর্ঘ ওই সীমান্ত এলাকায় প্রায় ১৩ কোটি ২১ লক্ষ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন  চোরচালান পণ্য জব্দ হয়েছে যার মধ্যে রয়েছে ৮ কোটি ৮৩ লক্ষ ৪৫ হাজার ৭৭৫ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। ওই সময়কালে গ্রেপ্তার হয়েছে  ৫৪ জন চোরাচালানী।
নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক মাসুম বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং নারী,শিশু সহ মানবপাচার, মাদক,অস্ত্র ও অনান্য পণ্য চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে বিজিবি। পাশাপাশি সীমান্ত অপরাধ কমাতে সীমান্তবাসী জনগন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে চলতি বছর ৫৪০টি জনসচেতনতামুলক সভা করা হয়েছে। বিজিবি সীমান্তবাসীদের আর্থসামজিক উন্নয়নেও কাজ করছে। বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপিয়ারিং এর মত কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।
লে.কর্নেল মাসুম আরও বলেন, ভৌগলিক প্রতিকুলতা সত্বেও মাত্র ১৩টি বিওপির সাহায্যে চলতি বছর আওতাধীন এলাকায় চলতি বছর ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১৪১টি অভিযান সফল হয়েছে। জব্দ হয়েছে ১.২৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১.৭৭৬ কেজি হেরোইন, ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ১ হাজার ৩১৮ পিস  ভারতীয় ইয়াবা, ৮৮ হাজর ৮১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৩৪৩ গ্রাম ও ২০ পুরিয়া গাঁজা, ২১ বোতল ভারতীয় ও ১১ লিটার দেশী মদ।
আন্ত:সীমান্ত অপরাধ দমনে সতর্কভাবে কাজ করা হচ্ছে জানিয়ে অধিনায়ক আরও বলেন, সীমান্ত পাহারায় আধুনিক প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে। আকাশ পথে স্পর্শকাতর স্থান দেখতে ব্যবহার হচ্ছে ড্রোন।  বিজিবির শক্তি বাড়তে সাপাহরের বৈকুণ্ঠপুর মৌজায় নব আদাতলা নামে একটি নতুন বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া গানইর ও বড়তলী নামে দুটি নতুন বিওপির নির্মাণ কাজ শেষ হয়েছে। শীঘ্রই বিওপি দুটি অপারেশনাল করা হবে। বর্তমানে গোমস্তাপুর সীমান্তে ৬টি, সাপাহার সীমান্তে ৪টি ও  পোড়শা সীমান্তে ৩টি বিওপি  কার্যক্রম চালাচ্ছে।