অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান প্রকাশ এবং তাঁদের নিরাপত্তা: নিঃর্শতে মুক্তি চাই

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-১১-১৮ ০৯:৫৯:৩৬
image

গতকাল  সন্ধ্যায় ৮:৩০ মিনিটের সময় সংগঠনের কেন্দ্রীয় কার্ালয়ে Defending Trade Union Rights and the Struggle for a Fair Minimum Wage in Bangladesh শীর্ষক আন্তর্জাতিক সভা চলাকালীন সময়ে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসকে তাঁদের কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে গেছে। শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির পক্ষে কথা বলার পরপরই সংগঠনের শীর্ষ দুই নেতাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, অগ্রহণযোগ্য এবং শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য গুরুতর হুমকিস্বরূপ।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তাঁদের নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের বর্তমান অবস্থান, কোন থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন দপ্তরে রাখা হয়েছে এবং কী অভিযোগে বা কী আইনি ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাঁদের পরিবার, সহকর্মী ও সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমরা সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের বর্তমান অবস্থান, জীবন, নিরাপত্তা ও শারীরিক-মানসিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। কোনো ব্যক্তিকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ, আটকের কারণ জানানো, পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া এবং তাঁকে আইনগত সুরক্ষার আওতায় রাখা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব।
আমাদের জরুরি দাবিসমূহ:
১. অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে।
২. তাঁদের আটক বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, অভিযোগ এবং আইনি ভিত্তি তাঁদের পরিবার ও আইনজীবীকে জানাতে হবে।
৩. অবিলম্বে তাঁদের পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. তাঁদের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও শারীরিক-মানসিক সুস্থতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, বেআইনি হয়রানি বা আইনবহির্ভূত আচরণ করা যাবে না।
৫. যদি তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, তবে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় তাঁদের আইন অনুযায়ী যথাযথ আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড এবং গণমাধ্যমের প্রতি এই ঘটনার জরুরি নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য মজুরি, সংগঠিত হওয়ার অধিকার এবং সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে কথা বলা কোনো অপরাধ হতে পারে না। শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের আইনগত অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
আমাদের স্পষ্ট দাবি-সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের অবস্থান অবিলম্বে প্রকাশ করুন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত :নিঃর্শতে মুক্তি এবং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।