নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন,ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিও

  • নেত্রকোনা প্রতিনিধি:
  • ২০২৬-১১-১৭ ২৩:৩৮:৩৪
image

 নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্যান্ট পরা এক যুবক কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আগুন ধরানোর পরপরই দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম স্থানীয়দের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গ্রাম পুলিশ সদস্য আগুন নিভিয়ে ফেলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা পুড়ে কালো হয়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওসি।
ঠাকুরাকোনা রেলস্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান রেলওয়ের প্রকৌশল বিভাগের তথ্যের বরাত দিয়ে জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে রেলের সামান্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য,এর আগে নেত্রকোনার চল্লিশা এলাকায় আরও দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ধারাবাহিক এসব ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে একই চক্র জড়িত কি না, তা তদন্তের বিষয়।

নেত্রকোনায়রেললাইনেআগুন, বারহাট্টারেলপথ, রেললাইননাশকতা