সাগরে জেলেদের ওপর সংঘবদ্ধ হামলা,নাছির মাঝিকে প্রধান আসামি করে এজাহার দায়ের

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-১৭ ২২:২৪:৩৩
image

১৩ লাখ টাকার মাছ-জাল লুট,জিম্মি করে মারধর ও হত্যার হুমকির অভিযোগ; অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জন!
মহেশখালী (কক্সবাজার) 
সাগরে মাছ ধরতে গিয়ে সংঘবদ্ধ হামলা,মারধর,মাছ ও  জাল  লুট  এবং  হত্যার হুমকির শিকার হয়েছেন মহেশখালীর  কয়েকজন  জেলে।  অভিযোগ উঠেছে, তিনটি  ফিশিং  বোট  নিয়ে  এসে  একটি  মাছ ধরার বোটের  গতিরোধ  করে   জেলেদের   ওপর   হামলা চালানো হয়। পরে  তাঁদের জিম্মি করে প্রায় ১৩ লাখ টাকা  মূল্যের  মাছ  ও  জাল  লুট, জোরপূর্বক খালি নন-জুডিশিয়াল   স্ট্যাম্পে    স্বাক্ষর   আদায়    এবং গণমাধ্যমে কথা বললে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়। 
এ ঘটনায় মহেশখালী পৌরসভার  ঘোনাপাড়ার নাছির মাঝিকে  প্রধান অভিযুক্ত করে পাঁচজনের  নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জেলে নুরুল হুদার স্ত্রী মিনুয়ারা এজাহারটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, নুরুল হুদার মালিকানাধীন ‘মায়ের   দোয়া’ ফিশিং   বোট   নিয়ে  তিনি  ও  তাঁর সহযোগীরা   সোনাদিয়া  চ্যানেলে  দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসা করে আসছিলেন।গত ১২নভেম্বর নুরুল হুদার   বোট   এবং  তাঁর  ভাসুর হরাত আলী মাঝির আরেকটি  ফিশিং  বোট মাছ  ধরার উদ্দেশ্যে সাগরে যায়।  ১৫ নভেম্বর   সকাল  আনুমানিক  ৯টার দিকে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার পশ্চিম পাশে ১২ বামের দ্বার  এলাকায় মাছ ধরার সময় তিনটি ফিশিং বোট নিয়ে  অভিযুক্তরা  তাঁদের  ওপর হামলা চালায় বলে  অভিযোগ  করা  হয়েছে। এ  সময় হরাত আলী মাঝির   বোটটি  দূরে  থাকায়  সেটি ঘটনাস্থল থেকে 
সরে  যেতে  সক্ষম হলেও  নুরুল হুদার ‘মায়ের দোয়া’ বোটটির গতিরোধ করে আটক করা হয়। 
এরপর  নুরুল   হুদাসহ  বোটে  থাকা মাঝি-মাল্লাদের এলোপাতাড়ি   মারধর   করে  কোল্ড  স্টোরের মধ্যে আটকে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
১৩লাখ টাকার মাছ ও জাল লুটের অভিযোগ বাদীর অভিযোগ,  হামলাকারীরা  বোটে   থাকা আনুমানিক আট লাখ টাকা মূল্যের জাল ও  প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের  মাছ  নিজেদের  বোটে তুলে নিয়ে যায়। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্ট্যাম্পে স্বাক্ষর ও হত্যার হুমকিঃ- এজাহারের সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, নুরুল হুদা ও ছাবের মাঝিকে জোরপূর্বক  অন্য  বোটে  তুলে  নিয়ে মারধর করা হয়। পরে মামলা না  করা এবং গণমাধ্যমে ঘটনা প্রকাশ না করারশর্তে তাঁদেরকাছথেকে দুটিখালিনন-জুডিশিয়াল 
স্ট্যাম্পে   স্বাক্ষর   নেওয়া    হয়।   পাশাপাশি    মিথ্যা জবানবন্দি  আদায়ের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেছেন বাদী।এমনকি মামলা করলে কিংবা   গণমাধ্যমে  মুখ   খুললে  হত্যা করে লাশ গুম করার   হুমকিও   দেওয়া  হয় বলে  এজাহারে উল্লেখ রয়েছে।   পরে তাঁদের   মুমূর্ষু   অবস্থায় অজ্ঞাত স্থানে ফেলে  রেখে   অভিযুক্তরা   চলে  যায়। সেখান থেকে উদ্ধার করে নুরুল হুদা ও ছাবের মাঝিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচজনের নাম উল্লেখ, অজ্ঞাত আরও ৪০-৪৫ জন
এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঘোনাপাড়ার নাছির মাঝি, ফারুক  মাঝি, খাইরুল  আমিন মাঝি, ছোট মহেশখালীর আব্দুল করিম এবং ঘোনাপাড়ার জিয়া উদ্দীন মানিক।তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় সাক্ষী হিসেবে তাজিয়াকাটা এলাকার নুরুল হুদা মাঝি, ছাবের মাঝি, শাকের  উল্লাহ, আলা  উদ্দিন ও হরাত আলী মাঝির নাম উল্লেখ করা হয়েছে।
জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগঃ- সাগরে মাছ ধরতে যাওয়া   জেলেদের   ওপর  এমন  সংঘবদ্ধ  হামলা ও লুটপাটের   অভিযোগ    উপকূলীয়    মৎস্যজীবীদের নিরাপত্তা  নিয়ে   নতুন   করে  উদ্বেগ   তৈরি করেছে। জীবিকার   তাগিদে   সাগরে  যাওয়া  জেলেদের যদি হামলা, জিম্মি ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়, তাহলে তাঁদের নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বাদী জানিয়েছেন,আহতদের চিকিৎসার   কারণে   তাৎক্ষণিকভাবে   থানায়  গিয়ে অভিযোগ   দায়ের   করা   সম্ভব   হয়নি।   এ ঘটনায়
জড়িতদের   শনাক্ত, কথিত  লুট  হওয়া মাছ ও জাল উদ্ধারের   পাশাপাশি   জেলেদের   নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এখন ঘটনার সুষ্ঠু তদন্ত,অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আইনানুগ  পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার। 
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুস সোলতান বলেন- সাগরে জেলেদের ওপর হামলার ঘটনায়  একটি এজাহার পেয়েছি, তদন্ত পূর্বক অপরাধীদের   বিরুদ্ধে  আইনানুগ  ব্যবস্থা  গ্রহণ  করা হবে,  সন্ত্রাসী, জলদস্যুদের  বিরুদ্ধে  মহেশখালী  থানা পুলিশের অভিযান চলমান থাকবে।