গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি,গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় এ হামলা চালান। এতে পুলিশের একাধিক গাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং সংঘর্ষের পরিস্থিতি অব্যাহত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানাটি ঘেরাও করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,একপর্যায়ে পুলিশের সদস্যরা হামলাকারীদের ধাওয়ার মুখে পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা এবং থানার ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা,ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
টুঙ্গিপাড়ায়থানায়হামলা, গোপালগঞ্জসংঘর্ষ, থানায়অগ্নিসংযোগ