ডুমুরিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-১১-১৭ ১৫:২৭:১৪
image

ডুমুরিয়া প্রতিনিধি।
“হাতে হাত ধরি, বাল্যবিবাহ রোধ করি” — এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা স্পিক আপ বাংলাদেশের আয়োজনে ১১ নম্বর ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বেলা ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
১১ নম্বর ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন স্পিক আপ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইউপি সদস্য নাজমুল হোসেন বকুল, আবুবক্কর খান, হাবিবুর রহমান খান, আব্দুল গফফার, আমজাদ হোসেন, লুৎফর রহমান, মহিলা ইউপি সদস্য পারুল বেগম ও আসমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে স্পিক আপ বাংলাদেশ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে শুধু কোনো একটি প্রতিষ্ঠান নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ মহৎ কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
সেমিনারে বাল্যবিবাহের কুফল, প্রতিরোধের উপায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।