জাপানের আকাশসীমায় রাশিয়ার দুই সন্দেহভাজন বিমান,যুদ্ধবিমান মোতায়েন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-১৭ ১০:২৬:০৬
image

জাপানের আকাশসীমায় রাশিয়ার সন্দেহভাজন দুটি বিমান প্রবেশের ঘটনায় সামরিক সতর্কতা জারি করেছে টোকিও। বিমান দুটিকে সতর্ক করতে যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি মস্কোর কাছে কূটনৈতিক চ্যানেলে ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানিয়েছে জাপান সরকার।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলের ওকিনোশিমার কাছ দিয়ে মঙ্গলবার ভোর ৪টার কিছু পর বিমান দুটি দেশটির জাতীয় আকাশসীমায় প্রবেশ করে। এ ঘটনায় জাপানের আত্মরক্ষা বাহিনী দ্রুত যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিমান দুটিকে সতর্ক করার পদক্ষেপ নেয়।
সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা বলেন, জাপানের জাতীয় আকাশসীমা লঙ্ঘন দেশটির সার্বভৌমত্বের গুরুতর অবমাননা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে টোকিও।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম বিমানটি ভোর ৪টা ৭ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয়টি ৪টা ৯ মিনিট থেকে ৪টা ১২ মিনিট পর্যন্ত জাপানের আকাশসীমায় অবস্থান করে। অর্থাৎ, প্রতিটি বিমান প্রায় তিন মিনিট ধরে দেশটির আকাশসীমা লঙ্ঘন করে।
পরে বিমান দুটি তসুশিমা প্রণালি অতিক্রম করে জাপানের দক্ষিণাঞ্চলীয় ইয়োনাগুনি দ্বীপ ও তাইওয়ানের মধ্যবর্তী পথ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান দুটির নির্দিষ্ট ধরন প্রকাশ করেনি। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর রাশিয়ার সন্দেহভাজন বিমানের জাপানের আকাশসীমা লঙ্ঘনের এটিই প্রথম ঘটনা।
এদিকে, একই দিনে রাশিয়ার দুটি সামরিক বিমান নিজেদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের কথা জানিয়েছে তাইওয়ানও। ফলে পূর্ব এশিয়ায় সাম্প্রতিক সামরিক তৎপরতা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে মস্কো ও টোকিওর সম্পর্কে অবনতি ঘটেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় এক জাপানি সাংবাদিককে আটক এবং দেশটিতে জাপান টোব্যাকোর সম্পদ জব্দের ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

সূত্র: রয়টার্স, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জাপান-রাশিয়া উত্তেজনা, রাশিয়ার বিমান আকাশসীমা লঙ্ঘন, Japan Russia Airspace Violation