গী ত শ্রী সি ন হা

  • গল্প ঘুরে যায় ( অণুগল্প )
  • ২০২৬-১১-১৬ ২৩:৪৩:৫৩
image

 সিংহ মার্কা খাঁটি আলোয় ইচ্ছে করে মুহূর্তের গায়ে লাগুক খ্যাপার মতো ঝোড়ো বাতাস... এলোমেলো অগোছালো স্বপ্ন, নিরাপত্তাহীন ঘরগৃ্‌হস্থালি, ছেঁড়া আঁধারে অনিশ্চিত চিঠির বাক্স, সুরক্ষাহীন ভবিষ্যতের ঠিকানা...! 
আলিশান ব্যালকনির দোলনায় দোল খেতে খেতে নভ্যা আজকাল প্রায়ই বিড়বিড় করে বলতে থাকে, "Thank you God, মাথার ছাদটা বহাল রেখেছো"।  
হ্যাঁ, স্বনামধন্য নভ্যা সান্যাল। যাঁর নাম মনে আসতেই  অলক্ষ্যে হাতজোড় হয়ে আসে অনেকের। সমাজসেবী, অনাথ মানুষের সেবায় সম্পূর্ণ এক নতুন আলো দেখানো যাঁর জীবনের দায় মনে করেন। কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউবা স্কুল শিক্ষিকা হয়ে উঠেছে, সদ্যোজাত শিশুকে ঘরে এনে মাতৃস্নেহে জীবন দেখিয়েছেন। জীবনবোধ ছাপিয়ে গেছে বেশ কিছু নিঃশ্বাসের শব্দ গচ্ছিত রেখে দর্পণের চোখে স্থিরচিত্র এঁকে। ট্রেনের গতিতে দিন আসে... আবার মুছে যায়। 
আজ নভ্যা সান্যালের শৌখিন চশমার কাচ ঘষা খেতে খেতে স্মৃতিদের ভাঙতে থাকে। গর্ভবতী আলোর ঝলকানিতে ছায়ারা মুখ থুবড়ে পড়ে ছিন্নভিন্ন হয়। 
তাও,কিছু প্রস্থান ওষ্ঠাধরে আঙুল ঠেকিয়ে বলে, "চুপ"! "থেমে যাওয়া তোমাকে মানায় না"! 
থামতে শেখে নি, শুধু কিছু চিঠির উত্তর দেওয়া হয় নি... ঠিকানার অভাবে। 
প্রশ্ন জাগে আজ, আদৌ কী কোনো স্থায়ী ঠিকানা কারও থাকে ! 
আজ শেষ শয্যায় নভ্যা সান্যাল, জড়তার ঘরবাড়ি একাকী দাঁড়িয়ে। অক্ষরে অক্ষরে জমে আছে উদাসীনতা... নিষ্ঠুরতার ছোপ। মনের ভিতরে জমে থাকা অনেক দেয়াল জুড়ে লুকিয়ে আছে মুহূর্তের ছবি। দীর্ঘ সাংবাদিকতার কর্মব্যস্ত জীবন আজ সামনে এসে দাঁড়িয়ে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের টিম প্রস্তুত দেহদানের কর্মসূচি নিয়ে... 
মা...মামমাম...মামমা...দিদিমণি...বিশ্ব জননী...
ঘোরের মধ্যে নভ্যা সান্যাল ডাক গুলোর মধ্যে বিলীন হতে থাকে...অনর্গল চোখের কোণে গড়িয়ে পড়তে থাকে তৃপ্তির সৌন্দর্য...