গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন,প্রস্তুত এপিসি ও ড্রোন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-১১-১৬ ১০:৫৭:২১
image

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন রাখা হয়েছে।
মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে বডি ওর্ন ক্যামেরা। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও চিত্র সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং মাঠপর্যায়ের এসব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তাঁরা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সর্বদা প্রস্তুত। দেশের যেকোনো প্রয়োজনে সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর বিজিবি।

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, ১০ প্লাটুন বিজিবি, গোপালগঞ্জ আইনশৃঙ্খলা,