ডেঙ্গু ও হামে একদিনে ১৬ মৃত্যু,ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১১-১৫ ১৮:২৪:১৪
image

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে জনস্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আটজন এবং হামের উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
নভেম্বরের প্রথম ১৪ দিনেই ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা যান। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা যান দুজন করে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৫৯, বরিশালে ২০৯, খুলনায় ১৯৩, রাজশাহীতে ১৪০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৭৪ এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে ১ হাজার ৫৭২ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৪১৪ জনের হামের উপসর্গ রয়েছে এবং ১৫৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৯ জন।
গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৯৫ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর হিসাব পৃথক। তাই উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যুর বিপরীতে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

ডেঙ্গু পরিস্থিতি, হাম সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর