দুপুরের স্নান সেরে
ভেজা চুল শুকোতে আসি বারান্দায়
হেমন্তের মিষ্টি রোদ
তখন উপচে পড়ছে এ মাটির ধরায়
উত্তরীয় হাওয়া এসে
দোল দিয়ে যায় গাছের শাখায়-পাতায়
শিরশির্ করে দুলে উঠে
গাছের পাতারা যেন নব বসন্তের ছোঁয়ায়।
হেমন্তের দুপুর বেলায়
বিকেলের মিষ্টি আভাস খুঁজে পাওয়া যায়
ভেজা চুল এলিয়ে দিয়ে
ঝিরঝিরে বাতাসে পরম সুখে গা ভাসাই
হেমন্ত বিকেলের পরশে
আজ আমার শরীর-মন ভরে উঠেছে তাই।