রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সভার বিষয়টি জানান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে গঠিত কমিটির কার্যক্রম,ইতিমধ্যে নেওয়া উদ্যোগ এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে চলমান কর্মসূচিকে আরও কার্যকর করার বিষয়েও পর্যালোচনা করা হয়।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও বিভিন্ন জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। এসব লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এ সভাকে ঢাকার নগর ব্যবস্থাপনা উন্নয়নের চলমান উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সভায় আলোচিত উদ্যোগগুলোর বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা, লক্ষ্যমাত্রা কিংবা নতুন কোনো সিদ্ধান্তের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ঢাকার পরিচ্ছন্নতা, তারেক রহমান, বর্জ্য ব্যবস্থাপনা