গিলাতলায় ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-১৪ ১৮:৪৬:৩২
image

ফুলবাড়ী গেট প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য রক্ষা, শীতের আমেজ উপভোগ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​‘গিলাতলা যুব ক্রীড়া চক্র’-এর উদ্যোগে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টটি ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত  বারোটা নাগাদ শেষ হয়। গিলাতলা (বড় বাড়ী) বালুর মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী খেলায় দুরন্ত পানিগাতি ৩-১ গোলে ঘোষগাতি হায়নাকে পরাজিত করে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে আগত ৮টি শক্তিশালী ও দুর্ধর্ষ দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল রাউন্ডে লাখোহাটি একাদশ ৪-১ গোলে শিরোমণি নাফিজা একাদশকে পরাজিত করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন। ​বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও গিলাতলার কৃতি সন্তান শেখ হারুন-অর-রশিদ এবং গিলাতলা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মুহাঃ গোলাম মোস্তফা। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেখ জুলফিকার আলী, গাজী সিরাজুল ইসলাম, শেখ রুহুল আমিন, গাজী আমজাদ হোসেন ও গাজী মুস্তাক আহমেদ।
খেলাটি পরিচালনা করেন গাজী ফখরুল ইসলাম। এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান রাকিবুল হাসান রিয়াদ, মো. নয়ন শেখ এবং মো. হৃদয় শেখ।
​খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে এক উৎসবমুখর রূপ দেয়।