উত্তরা বোট ক্লাবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজন; স্মৃতি,বন্ধুত্ব ও আনন্দঘন সময় কাটানোর অপেক্ষায় সাবেক সহপাঠীরা
দীর্ঘদিনের বন্ধুত্ব,স্মৃতির টান আর একসঙ্গে পথচলার আনন্দকে নতুন করে উদ্যাপন করতে যাচ্ছে এসএসসি ১৯৮২ বাংলাদেশ, উত্তরার বন্ধুরা। সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলা।
‘একসাথে ছিলাম,আছি আজও... থাকবো সর্বসময়’-বন্ধুত্বের এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এসএসসি ১৯৮২ ব্যাচের বন্ধুরা। তাঁদের সঙ্গে বেশ কয়েকজন বন্ধুর সহধর্মিণীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ফলে আয়োজনটি কেবল সাবেক সহপাঠীদের পুনর্মিলনেই সীমাবদ্ধ থাকছে না; বরং পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ হয়ে উঠবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এতে পুরোনো দিনের স্মৃতিচারণ,পারস্পরিক খোঁজখবর,বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,নৈশভোজ এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে সময় কাটানোর সুযোগ তৈরি হবে।
‘বন্ধুত্বের বন্ধনে স্মৃতির উচ্ছলতা’-আয়োজকদের প্রত্যাশা,ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেছনে ফেলে এই মিলনমেলা বন্ধুদের আবারও এক আনন্দময় পরিবেশে একত্রিত করবে।
এসএসসি ১৯৮২ বাংলাদেশ, উত্তরার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। পুরোনো দিনের বন্ধুত্বকে নতুন করে উদ্যাপন এবং আগামী দিনের পথচলায় সম্পর্কের উষ্ণতা ধরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।