তেল-গ্যাস লবির বিরুদ্ধে কঠোর সমালোচনা, কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বিশ্বনেতাদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাবশালী লবির সমালোচনা করে তিনি বলেছেন, পৃথিবীকে রক্ষায় তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি’ ত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস।
তিনি বলেন, জলবায়ু সংকটের গতি মোকাবিলায় বিশ্বের সম্মিলিত উদ্যোগের চেয়ে অনেক বেশি দ্রুত। এই সংকট মোকাবিলায় বিলম্বের সুযোগ আর নেই।
গুতেরেস জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান। তাঁর অভিযোগ, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পৃথিবীর পরিবেশ ও জলবায়ুকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে বিপুল মুনাফা অর্জন করছে।
জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ডাইনোসরের মতো জীবাশ্ম জ্বালানিকেও একদিন বিলুপ্ত হতে হবে। তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। কারণ ডাইনোসরদের কোনো লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানি শিল্পের রয়েছে শক্তিশালী লবি।
তাঁর ভাষায়, এই লবির কৌশল হলো বৈজ্ঞানিক তথ্যকে বিকৃত করা, নীতিনির্ধারণে বিলম্ব ঘটানো, কার্যকর পদক্ষেপ পিছিয়ে দেওয়া এবং জবাবদিহি এড়িয়ে যাওয়া। এখন সময় এসেছে এই প্রবণতা বন্ধ করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার।
জলবায়ু বিপর্যয়ের চাপ বাড়ছে বিশ্বজুড়ে
ইউরোপে ভয়াবহ দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার মতো দুর্যোগের প্রেক্ষাপটে এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় দুই সপ্তাহব্যাপী কপ-৩১ আলোচনা শুরু হয়। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
তবে এবারের আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। এসব পরিস্থিতি জলবায়ু আলোচনাকেও জটিল করে তুলছে।
২০২৩ সালে প্রথমবারের মতো কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে পরবর্তী সম্মেলনগুলোতে দেশগুলোর অগ্রগতি প্রত্যাশিত মাত্রায় হয়নি।
অনেক গুরুত্বপূর্ণ বিশ্বনেতা সম্মেলনে অনুপস্থিত
জলবায়ু সংকটের ভয়াবহতা বাড়লেও কপ-৩১ সম্মেলনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সরকারপ্রধানের অনুপস্থিতি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
বুধবার ও বৃহস্পতিবারের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।
জি-৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম একমাত্র নেতা হিসেবে সম্মেলনে বক্তব্য দেওয়ার তালিকায় রয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন আনতালিয়ায় উপস্থিত থাকলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্মেলনে অংশ নিচ্ছেন না।
এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও অনুপস্থিত রয়েছেন।
জলবায়ু কূটনীতি বিষয়ক থিংকট্যাংক ইথ্রিজির বিশেষজ্ঞ কোসিমা ক্যাসেল এএফপিকে বলেন, ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি দুঃখজনক। এ ধরনের সম্মেলনে ইউরোপের জোরালো উপস্থিতি প্রয়োজন ছিল।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওপকে হোকস্ট্রা বলেছেন, কোনো আন্তর্জাতিক সম্মেলনে নেতাদের অনুপস্থিতি একেবারে অস্বাভাবিক নয়। বাস্তব বিভিন্ন কারণে তাঁদের অংশগ্রহণ সম্ভব না-ও হতে পারে। তবে এবারের জলবায়ু সম্মেলন নিয়ে প্রত্যাশা খুব বেশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বিদ্যুতায়নে ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা
কপ-৩১-এর আয়োজক তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে একটি স্বেচ্ছাসেবী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।
তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেই বিদ্যুৎ উৎপাদনও পরিচ্ছন্ন ও দূষণমুক্ত হতে হবে। এ নিয়ে তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্মেলনকে যুদ্ধের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান। তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সম্মেলনে কথা বলবেন।
যুক্তরাষ্ট্র-চীনের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী প্রধান দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে অংশ নিচ্ছেন না। তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রতিনিধিত্ব করছেন।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি ও প্রধান নির্গমনকারী দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার অংশগ্রহণকে জলবায়ু আন্দোলনকারীরা ইতিবাচকভাবে দেখছেন। বন উজাড় কমানো এবং আমাজন বনাঞ্চল রক্ষায় তাঁর অবস্থান আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
গুতেরেসের শেষ কপ সম্মেলন
২০১৭ সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন আন্তোনিও গুতেরেস। আগামী ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে কপ-৩১-ই তাঁর অংশ নেওয়া শেষ জলবায়ু সম্মেলন।
তাঁর এবারের বক্তব্যে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব, বৈশ্বিক জলবায়ু নীতির বাস্তবায়নে বিলম্ব এবং আন্তর্জাতিক নেতৃত্বের দায়বদ্ধতার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে।
জলবায়ু সংকটের প্রভাব যখন উন্নত ও উন্নয়নশীল-উভয় বিশ্বের মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, তখন শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হচ্ছে, সেটিই এবারের সম্মেলনের বড় পরীক্ষায় পরিণত হয়েছে।
কপ৩১সম্মেলন,জীবাশ্মজ্বালানি,জাতিসংঘমহাসচিব,