চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মিছিল,ককটেল বিস্ফোরণ,আহত ১,আটক ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১১ ২১:১৫:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া গেছে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক পথচারী আহত হন।  তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে পাল্টা মিছিল করেছে ছাত্রদল।  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার পরপরই বিনোদপুর ইউনিয়নে  কলেজ এলাকায়  খাসেরহাট সড়কে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে দলীয় শ্লোগান দেয়া হয়। এ সময়  অন্তত: একটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় পাশের মনাকষা ইউনিয়নের নয়ন বাজার এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ। এখানেও অন্তত: একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মনকষার খড়িয়াল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে বুদ্ধু আলী(৪২) চোখে স্পিœণ্টার লেগে আহত হন। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মনাকষার কাহারপাড়া এলাকার পাকা সড়কের উপর থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।  এদিকে ছাত্রলীগের মিছিলের পরপরই জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে শিবগঞ্জ সদরে প্রতিবাদ মিছিল করে স্থানীয় ছাত্রদল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর পেয়ে পুলিশ বিনোদপুর এলাকায় গেলেও কাউকে পাওয়া যায় নি। তবে মনাকষা এলাকা থেকে  একটি ককটেল উদ্ধার হয়েছে। তিনি বলেন, মনাকষায় ককটেল বিস্ফোরণে একজন আহত হবার খবরও জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় বুধবার(১১ নভেম্বর) ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে বিনোদপুরের  চাঁদর্শিকারী গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও একরামুল হকের ছেলে রফিকুল ইসলাম ফটিক(৩৮) এবং একই গ্রামের  আব্দুল লতিফের ছেলে  রেজাউল করিম (২৮) নামে দুজনকে আটক করেছে।  এ ঘটনায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম বলেন, মঙ্গলবার রাতে বিনোদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোর খবর পেয়ে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদও থেকে শিবগঞ্জ গিয়ে প্রতিবাদ মিছিল করে। ছাত্রদল নেতাকর্মীরা যে সব এলাকায় ছাত্রলীগ মিছিল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সেসব এলাকাতেও মোটরসাইকেল মিছিল করে। এ সময় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আখতারুজ্জমান, সাংগঠনিক সম্পদক মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন।