এমপি ফরিদের নির্দেশনায় মেডিকেল টিমের উদ্যোগ,স্বস্তি স্থানীয় বাসিন্দাদের!
মহেশখালী (কক্সবাজার)
চারদিকে সাগর, যোগাযোগের সীমাবদ্ধতা আর নানা মুখী নাগরিক সংকট এমন বাস্তবতায় মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া বরাবরই বড় চ্যালেঞ্জ। অসুস্থ হলে অনেককে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ, গুনতে হয় বাড়তি সময় ও অর্থ। দুর্গম দ্বীপের মানুষের এই ভোগান্তি কিছুটা লাঘবে এবার তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো চিকিৎসাসেবা। সংসদ সদস্যের নির্দেশনায় মেডিকেল টিম নিয়ে সোনাদিয়ায় উপস্থিত হয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করেন কুতুবজোম ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক আব্দুর রহিম বি.কম।
মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশনায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম দ্বীপের সাধারণ মানুষ যাতে সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই মেডিকেল টিম নিয়ে সোনাদিয়ায় যান নবনিযুক্ত ইউনিয়ন প্রশাসক।স্থানীয়দের কাছে এ উদ্যোগের গুরুত্ব কেবল এক দিনের চিকিৎসাসেবায় সীমাবদ্ধ নয়; বরং দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে ও সামনে এনেছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সোনাদিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত
মেডিকেল ক্যাম্প,বিনামূল্যে ওষুধ বিতরণ এবং জরুরি রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সংসদ সদস্যের নির্দেশনায় নবনিযুক্ত ইউনিয়ন প্রশাসকের এমন উদ্যোগকে স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রমের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দ্বীপবাসীর প্রত্যাশা, এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
দুর্গম দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির বাস্তব সংকট এবং জনপ্রতিনিধির নির্দেশনায় স্থানীয় প্রশাসনের উদ্যোগ দুটি বিষয়ই এ কার্যক্রমের মাধ্যমে সামনে এসেছে।