সা ধ না না গ

  • অপ্রকাশিত প্রেমে
  • ২০২৬-১১-১১ ১১:৫১:৩১
image

বিমূর্ত রাত্রির বুকে যবে স্তব্ধতা নামে.. 
আমার বক্ষ জুড়ে বিরহের কোলাহল.....!! 
রাত্রির অঙ্গাবরণ যখন, চন্দ্রিমায় মাখামাখি
আমার প্রাণাঙ্গ তখন বিষাদে বিহব্বল!!

এত রূপান্তর!! যার ভিন্ন ভিন্ন স্তর!! 
অবসাদ বিলায়ে  হয় অন্যরকম...!! 
পর্যাপ্ত পরিব্যপ্ত,অসংখ্য ক্ষত অবিরত ;
বিদগ্ধ নৈপূন্যে হয় ত্রস্ত জখম.....!! 

কিন্তু, কেনো এই অনন্ত বেদনা আমার? 
প্রতিনিয়ত যা আমায় কুরে কুরে খাচ্ছে!! 
নিঃশেষে অবলীলায়, মৃত্যুর দিকে হায়.. 
আমাকে ঠেলে ঠেলে দিচ্ছে!! 

কার জন্যে আমার প্রানের এই আকুতি?
কার জন্যে এই জ্বলেপুড়ে যাওয়ার 
নিদারুণ প্রতিশ্রুতি?
কার জন্যে এই অসাধারণত্বে গাঁথা 
জীবনের স্তব স্তুতি?  

আজও উত্তর পাইনি তার!! 
কেবল কেঁদে যাওয়ার অম্লান বর্ষণে
নিজেকে শুদ্ধ করেছি বারবার!! 
আবার গুটিয়ে রেখেছি নিজেরে,
দিয়ে নিষেধের অহেতুক অহংকার!! 

আমার নিগূঢ়তার নিস্তব্ধ বৃন্দাবনে... 
যাকে রেখেছি মনে মনে.. 
তাকে তো আজও বলতে পারিনি প্রকাশি
আমি তোমারে ভালবাসি...!! 

কত দ্বিধার নির্লজ্জ প্রবোধ...! 
আমার চৈতন্যে জাগিয়েছে বোধ
বলেছে, এ প্রাচীর ভাঙ্গা সহজ কার্য নয়!!! 
যেথায় রেখেছো পা,সেথায়  অনন্ত ঘা..
করতে পারবে না এই দুর্লভতাকে জয়।
 
নিজেকে গুটিয়ে নিয়ে তখন 
চলে গেছি অনেক দূর....!! 
ভেবেছি ভুলে যাবো...
তার দেয়া উপহার, কবিতার কথা ভার.... 
কন্ঠে তুলে দেওয়া, সেই সুরাসুর!! 

কিন্তু আসলেই কি দূরে যেতে পেরেছি? 
নাকি দূরে যাওয়ার ভান করে ;
ভুলে যাওয়ার ভান করে! 
তাকে আরও বুকে আঁকড়ে ধরে রেখেছি?? 

নয়তো কেনো এই প্রাণে আমার 
বাজে আহত আর্তনাদ? 
কেনো তার তরে প্রাণের প্রান্তরে
বেদনারে করি আবাদ? 

হয়তো দূরে থেকেও প্রাণে মিশে আছে সে..! 
হয়তো সেও আমারই মতো করে, 
আমাকেও ভালবাসে....!! 
হয়তো "অপ্রকাশিত প্রেমে "
আবদ্ধ হবে দুজনার নতুন প্রেমের উপাখ্যান!! 
হয়তো রচিত হবে, নতুন কোন অধ্যায়...! 
কিংবা নতুন কোন অভিধান।