আন্তর্জাতিক অঙ্গনে সংকট সমাধানে সক্রিয় ভূমিকার আহ্বান,প্রতিরক্ষা,বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের অব্যাহত সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের আলোচ্য বিষয়গুলো সাংবাদিকদের জানান।
তিনি বলেন, রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তুরস্কের মাঠপর্যায়ের মানবিক সহায়তারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন,রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে জাতিসংঘ ও ওআইসিতে তুরস্কের ধারাবাহিক সমর্থন এবং কার্যকর কূটনৈতিক ভূমিকা এ সংকটের স্থায়ী সমাধানের পথ সুগম করতে পারে।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে তুরস্কের সঙ্গে প্রযুক্তিগত ও অন্যান্য সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়াতে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক আলোচনা এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি মনে করেন,এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে উঠলে বাংলাদেশের জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা, অর্থায়ন ও অংশীদারত্ব প্রয়োজন।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আনতালিয়ার এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে প্রতিরক্ষা,বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসায় ঢাকা-আঙ্কারা সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন, তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক ,তারেক রহমান