সকালের আলো ডট কম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তাঁরা আন্তালিয়ায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় দুই শিশু প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত একটি সামরিক কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন।
আন্তালিয়া বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের পাঁচ তারকা পাপিলন জুগমা রিলাক্সারি রিসোর্টে অবস্থান করবেন। সফরকালে এটিই হবে তাঁর আবাসস্থল।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
এতে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র সচিব। তাঁর প্রত্যাশা, এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।
পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০ দশমিক ০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এ কারণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজন কার্যক্রমে অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির হিসাব আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। পররাষ্ট্র সচিবের মতে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরলে এ বিষয়ে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।
পাশাপাশি জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতাও সম্মেলনে তুলে ধরা হবে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়ও বিবেচনাধীন রয়েছে।
অন্যদিকে,আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রথম আয়োজনে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি ও প্রতিকূলতা তুলে ধরা হবে। দ্বিতীয় আয়োজনে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে কপ৩১-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, অর্থায়ন এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত পদক্ষেপ নির্ধারণে এ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
তারেকরহমান,কপ৩১সম্মেলন,আন্তালিয়ায়প্রধানমন্ত্রী,এরদোয়ান