চৌগাছায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-১১-১০ ২০:৪২:৫২
image

যশোরের চৌগাছা শহরে যানজট নিরসনে প্রধান প্রধান সড়কগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের যশোর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশের দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। এ ছাড়া প্রেসক্লাব মোড় এলাকায় সড়কের ওপর থাকা যাত্রীবাহী বাসের অস্থায়ী টিকিট কাউন্টার ও চটপটির দোকানসহ শহরের বিভিন্ন সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে সরিয়ে দেওয়া হয়। অভিযানকালে সড়কের ওপর দোকান বসানো ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে ফুটপথ দখল করে দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে  জানান প্রশাসন।  উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা ইসলাম বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পৌর জামায়াতের সেক্রেটারী ডা. জিল্লুর রহমান,  প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব, পৌর কর্মকর্তা  কালিমুল্লাহ সিদ্দীক, শাহিনুর রহমানসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।