কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-১০ ১১:৪৫:৩৫
image

সকালের আলো ডট কম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতার বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় আন্তর্জাতিক অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এরদোয়ান,আলবানিজসহ বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠক হতে পারে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার এক সংবাদ সম্মেলনে এসব সম্ভাব্য বৈঠকের তথ্য জানান।
তিনি বলেন,বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এসব যোগাযোগ বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকগুলোতে নির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলেও তিনি উল্লেখ করেন।
বড় প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর সফর
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
এ ছাড়া রয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, অর্থায়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠককে বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তারেকরহমান, কপ৩১সম্মেলন, COP31, তুরস্কসফর,