মোঃ ম নি র হো সে ন

  • সত্যের শেষ হাসি!
  • ২০২৬-১১-০৯ ২০:৩০:৫৮
image

দিনের আলোয় যখন নামে ছায়ার কালো হাত,
মিথ্যার কুয়াশায় ঢেকে যায় আশার সুপ্রভাত।
অসত্যের ওই কোলাহলে, মুখোশ পরা ভিড়ে,
সত্য কাঁদে একলা বসে আপন নীড়ের তীরে।

মনে হয় যেন গেছে সে হেরে, হারিয়েছে তার গান,
অন্ধকারের দাপটে বুঝি থামল রে আহ্বান।
মিথ্যা তখন সিংহাসনে হাসে বিজয়ের হাসি,
ভাবছে তারা চিরতরে সত্য দিল ফাঁসি।

কিন্তু সত্য প্রদীপ যেমন— নেভে না তো সহজে,
বুকের ভেতর ধিকিধিকি সে যে আপন তেজে বাজে।
সময় যখন ফুরিয়ে আসে, মিথ্যার বাঁধন টুটে,
ভোরের সূর্য হয়ে সত্য আবার জেগে ওঠে।

মুখোশ খসে মলিন হয় যে অসত্যের ওই ছায়া,
ধুলোয় মেশে মিথ্যে অহম, ভেঙে যায় সব মায়া।
সব শেষে সেই শুভ্র আলোয় দূর হয় কালো রাত,
সত্য সত্যিই জয়ী হয়, মেনে সব আঘাত।।