বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া: বিচারাঙ্গনের অভিজ্ঞতা ও আইনসাহিত্যে এক নিবেদিত নাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১১-০৯ ১৯:২৯:২৭
image

বাংলাদেশের বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবন,আইনের গভীর অনুধ্যান এবং আইনবিষয়ক গ্রন্থ রচনার মধ্য দিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সাবেক বিচারপতি।
১৯৪৬ সালের ২ জুন তাঁর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান), রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসনে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। আইন প্রণয়ন ও প্রশাসনবিষয়ক উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করেন।
১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসেবে বিচার বিভাগে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৯৩ সালে তিনি জেলা ও দায়রা জজ পদে উন্নীত হন। ২০০২ সালের ২৯ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হন। পরবর্তী সময়ে ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান। একই বছরের ৩০ মে ছিল তাঁর বিচারিক জীবনের শেষ কর্মদিবস।
বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি আইনবিষয়ক গ্রন্থ রচনায়ও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি প্রায় ১২০টি বইয়ের লেখক । দেওয়ানি ও ফৌজদারি আইন, আদালতের কার্যপ্রণালি, জামিন, সাক্ষ্য এবং বিভিন্ন প্রচলিত আইন নিয়ে তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের পরিচিতি পাওয়া যায়। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ক্রিমিনাল ড্রাফটিং অ্যান্ড প্র্যাকটিস’, ‘সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স’, ‘সাক্ষ্য আইন’ ও ‘চাকুরীর বিধিমালা’,সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপিল বিধি,প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন,নিয়োগ জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিধিমালা ২০১৪,জামিন আইন,ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়ায় জেরা (Cross Examination)।
একজন বিচারকের পরিচয় কেবল তাঁর বিচারিক দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে জ্ঞানচর্চা, অভিজ্ঞতার সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার কাজও গুরুত্বপূর্ণ। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার দীর্ঘ বিচারিক জীবন ও আইনবিষয়ক গ্রন্থ রচনার প্রয়াস সেই বৃহত্তর জ্ঞানচর্চার ধারার অংশ।
তাঁর কর্মজীবন,অভিজ্ঞতা ও লেখালেখি বাংলাদেশের আইনাঙ্গনের ইতিহাসে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়।বর্তমানে তিনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন 'সার্ক মানবাধিকার ফাউন্ডেশন'-এর 
সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।গত ৭ নভেম্বর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি তাঁর কর্মজীবনের বয়ান দিয়েছেন।আজ সেই বয়ানের ১ম অংশ পাঠকের জন্য প্রকাশ করা হল-   

শ্রদ্ধা ও শুভকামনা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার প্রতি।