বসে বসে একটানা লিখতে লিখতে গত ৭/৮ মাসে মোটামুটি সাইজের একটা ভুঁড়ি বানিয়ে ফেলেছি। তাই আর ছাড় নয়, রোজ সকালে উঠে ৪ কি.মি. দ্রুত হেঁটে আসি। এটা অনেক পুরনো রুটিন। মাঝেমধ্যে দ্বিগুণ হয়। এটা ভালোলাগা থেকে করি। তা নয়তো কোন পাগলে এতটা হাঁটবে! ৫০০/= টাকা দিয়েও তুমি কাউকে সকালবেলা ঘুম থেকে তুলতে পারবে নাকি?
কি বললে? হ্যাঁ, আপু! ঠিক বলেছ, বিছানায় পড়ে থাকলে কেউ দেখবে না। এটা ঠিক বুঝতে পারি আমি। আজও তোমার স্কুলের চারপাশে প্রদক্ষিণ করে আসলাম। শুক্র শনিবার তুমি ভোরে উঠতে পারলে আসতে পারো আমার সাথে।
খান আপু? উনার বাসার সামনে দিয়ে আমি দু-একদিন ঘুরে এসেছি। সাদীবাবার বাসার সামনে?
হ্যাঁ, তা ও তো করি। নাজমা ফুপ্পি, রোকেয়া আপু, সব্বার সামনে দিয়ে ঘুরে চলে আসি।
একদিন চট্টগ্রাম সেনানিবাস থেকে জিইসি মোড়, জিইসি থেকে কোতোয়ালি, নিউমার্কেট, রেলওয়ের সিআরবি হয়ে টাইগারপাস। ওখান থেকে বাসা তো দশ মিনিটে পৌঁছে যাই। তুমিও পারবে চাইলে। সক্কাল সক্কাল বেরিয়ে পড়বে দাদুর সাথে। ব্যস! আর কে পায় আমাদের।
টেকনিক? নাতো আপু, ওরকম কিছু নেই কিন্তু। তোমার সদিচ্ছাই যথেষ্ট।
আরও একটা আকাঙ্খা রয়ে গেছে। চুপিচুপি বলি,--
বহদ্দারহাট থেকে কর্ণফুলী ব্রিজ পার হয়ে তিন মিনিটে চাতরী, সেখান থেকে আনোয়ারা থানার পাশ দিয়ে একেবারে গ্রামের বাড়িতে গিয়ে নাস্তা করবো। তুমিও যেতে চাও? ঠিক আছে। যাবে।
চট্টগ্রাম