মিসরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭; আহতের সংখ্যা বেড়ে ১২৫

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-০৯ ০৯:৫৪:০২
image

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২৫ জন। রোববার (৮ নভেম্বর) গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়েমুচড়ে যায়। হতাহতদের উদ্ধারে দীর্ঘ সময় ধরে অভিযান চালান উদ্ধারকর্মীরা।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ১১২ জন জানানো হলেও পরবর্তী হালনাগাদ তথ্যে তা বেড়ে ১২৫ জনে দাঁড়ায়।
পেছন থেকে ধাক্কা,লাইনচ্যুত একাধিক বগি
মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী ১৩৪ নম্বর ট্রেনটি কায়রো থেকে আসওয়ানগামী ২০১০ নম্বর ট্রেনের পেছনে ধাক্কা দেয়। কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের গিজা ও আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে কারও হাত-পা, কোমর ও মেরুদণ্ডের হাড় ভেঙেছে। অনেকে মাথা, মুখ ও বুকে আঘাত পেয়েছেন। চিকিৎসার পর অনেক আহতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কয়েকজনের চিকিৎসা এখনো চলছে।
ধ্বংসস্তূপে আটকে ছিলেন যাত্রীরা
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেন উদ্ধারকর্মী, রেলকর্মী ও স্থানীয় বাসিন্দারা। উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হয়। কোনো কোনো বগির নিচের অংশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন উদ্ধারকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে দুর্ঘটনার ভয়াবহতা। স্থানীয় এক বাসিন্দা জানান, আসওয়ানগামী ট্রেনটি আগে থেকেই থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা ফাইয়ুমগামী ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে কয়েকটি বগি উল্টে যায় এবং যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান।
আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, উল্টে যাওয়া বগির ভেতরে অনেক যাত্রী আটকে ছিলেন। তাঁদের উদ্ধারে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ভাঙা আসন, বাঁকানো লোহার কাঠামো ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র।
তদন্তের নির্দেশ প্রেসিডেন্ট সিসির
দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত তদন্ত করে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
মিসরের সরকারি কৌঁসুলির দপ্তরও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ট্রেন পরিচালনা, রেললাইনের অবস্থা এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগি ও রেললাইন পরীক্ষা করতে বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুরোনো রেলব্যবস্থায় নিরাপত্তার প্রশ্ন
আল-আয়াত এলাকা মিসরের রেল দুর্ঘটনার ইতিহাসে বিশেষভাবে আলোচিত। ২০০২ সালে কায়রোর দক্ষিণে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরবর্তী বছরগুলোতেও দেশটির বিভিন্ন এলাকায় একাধিক প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছে।
প্রায় ১১ কোটি মানুষের দেশ মিসরে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকার অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকলেও পুরোনো অবকাঠামো, পরিচালনাগত দুর্বলতা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।
রেল খাত আধুনিকায়নে গত এক দশকে বিপুল অর্থ বিনিয়োগ করেছে মিসর সরকার। নতুন মহাসড়ক নির্মাণের পাশাপাশি দ্রুতগতির রেলপথ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পুরোনো রেল নেটওয়ার্কের বড় অংশ এখনো আধুনিকায়নের অপেক্ষায়।
সর্বশেষ এই দুর্ঘটনা দেশটির রেল যোগাযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য দায় নির্ধারিত হলে মিসরের রেলব্যবস্থার নিরাপত্তা জোরদারে তা কতটা কার্যকর ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।

এএফপি,এপি,মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মিসর ট্রেন দুর্ঘটনা,গিজায় ট্রেন সংঘর্ষ,রেল দুর্ঘটনায় নিহত