মাতারবাড়ীর মেগা প্রকল্পে উন্নয়ন কর্মকান্ড প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সরেজমিন পরিদর্শন,

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-০৮ ২২:৪১:৫৩
image

কর্মসংস্থান ও পুনর্বাসনে এমপি ফরিদের জোরালো দাবি!
মহেশখালী (কক্সবাজার)
একদিকে গভীর সমুদ্রবন্দর,বিদ্যুৎকেন্দ্রসহ একের পর এক  বৃহৎ  উন্নয়ন   প্রকল্প;  অন্যদিকে  জমি   হারানো পরিবারগুলোর  পুনর্বাসন, স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং   নাগরিক   সুযোগ-সুবিধা   নিশ্চিতের  প্রত্যাশা। জাতীয়  অর্থনীতির  সম্ভাবনার  কেন্দ্রবিন্দুতে  পরিণত হতে  যাওয়া  মহেশখালী   উপজেলার  মাতারবাড়ীতে এখন উন্নয়ন  ও  জনস্বার্থের  এই  দুই  বাস্তবতা সমান ভাবে   আলোচনায়।  দেশের   অর্থনৈতিক  অগ্রযাত্রায় মাতারবাড়ীর   অবদান   বাড়ানোর   পাশাপাশি    এই উন্নয়নের   সুফল   স্থানীয়   জনগণের   কাছে   পৌঁছে দেওয়ার দাবি  উঠেছে  সরকারের  সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়েও।   সেই     প্রেক্ষাপটে    মাতারবাড়ীর    মেগা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর মুখ্য   সচিবের    নেতৃত্বাধীন    উচ্চপর্যায়ের   সরকারি প্রতিনিধি   দল।   পরিদর্শনকালে   স্থানীয় জনগোষ্ঠীর অধিকার,   ক্ষতিগ্রস্তদের    পুনর্বাসন    এবং     যোগ্য যুবকদের   কর্মসংস্থানে  অগ্রাধিকার   দেওয়ার   দাবি জোরালোভাবে  তুলে  ধরেছেন  স্থানীয়  সংসদ  সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর  মুখ্য সচিব এবিএম আব্দুস   সাত্তার   ভূঁইয়ার   নেতৃত্বে   প্রতিনিধি   দলটি মহেশখালীর মাতারবাড়ীতে বাস্তবায়নাধীন সরকারের গুরুত্বপূর্ণ   মেগা   প্রকল্পগুলোর  অগ্রগতি  ও সার্বিক পরিস্থিতি    সরেজমিনে    পরিদর্শন   করে।  এ সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন  কক্সবাজার-২ আসনের সংসদ   সদস্য   আলমগীর  মুহাম্মদ  মাহফুজ  উল্লাহ ফরিদ।   প্রকল্পসংশ্লিষ্ট   বিভিন্ন   বিষয়  পর্যালোচনার পাশাপাশি  স্থানীয়  জনগণের  প্রত্যাশা ও স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ  দাবিগুলো  তিনি  মুখ্য  সচিব  এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের   সামনে   তুলে   ধরেন।  উন্নয়নের সুফল স্থানীয় মানুষের  ঘরে  পৌঁছানোর দাবি পরিদর্শনকালে সংসদ   সদস্য  আলমগীর  ফরিদ  বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর  ও  বিদ্যুৎকেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প গুলো   দেশের    অর্থনীতি,    জ্বালানি     নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব প্রকল্প জাতীয়  উন্নয়নের  জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্প বাস্তবায়নের কারণে  যেসব স্থানীয় মানুষ তাঁদের জমি,  বসতভিটা,  জীবিকা  ও স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তনের মুখোমুখি হয়েছেন, তাঁদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।  
তিনি  বলেন,  ‘মাতারবাড়ীসহ  মহেশখালীর   যোগ্য ও দক্ষ যুবকদের  এসব  প্রকল্পে   অগ্রাধিকার   ভিত্তিতে কর্মসংস্থানের  ব্যবস্থা  করতে  হবে। স্থানীয় জনগণকে উন্নয়নের   অংশীদার  করতে না পারলে বড় প্রকল্পের সুফল   পূর্ণাঙ্গভাবে   নিশ্চিত   করা  সম্ভব    হবে না।’
তিনি আরও বলেন,জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর যথাযথ পুনর্বাসন, স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত সুবিধা  সাধারণ  মানুষের  কাছে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ  প্রয়োজন। বিশেষ  করে প্রান্তিক ও উপকূলীয় জনগোষ্ঠী যেন উন্নয়নের কারণে নতুন কোনো সংকটে না পড়ে, সে   বিষয়ে   সরকারকে   দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
স্থানীয় কর্মসংস্থান ও পুনর্বাসন এখন বড় প্রত্যাশাঃ-
মাতারবাড়ীতে  বড়  বড়  উন্নয়ন   প্রকল্প  বাস্তবায়নের ফলে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হলেও স্থানীয়  জনগণের  প্রত্যাশা  আরও   বিস্তৃত।  প্রকল্পের প্রয়োজনে  ভূমি  অধিগ্রহণের  ফলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর  দীর্ঘমেয়াদি  পুনর্বাসন, নতুন  কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি   প্রশিক্ষণ   এবং   স্থানীয়    যুবকদের   দক্ষ জনশক্তি   হিসেবে   গড়ে   তোলার  বিষয়গুলো এখন বিশেষ   গুরুত্বের   দাবি   রাখে।  স্থানীয়দের  প্রত্যাশা, প্রকল্পগুলোতে  নিয়োগের  ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে   মাতারবাড়ীসহ   মহেশখালীর   বাসিন্দাদের অগ্রাধিকার  দেওয়ার   কার্যকর  নীতিমালা গ্রহণ করা হবে।  পাশাপাশি   প্রকল্প  এলাকার  আশপাশে  উন্নত যোগাযোগব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্যসেবা, নিরাপদ বসবাসের পরিবেশ এবং পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মুখ্য সচিবের আশ্বাসঃ-পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব   এবিএম   আব্দুস  সাত্তার  ভূঁইয়া প্রকল্পগুলোর কাজের   অগ্রগতি   ও   সার্বিক  অবস্থা  ঘুরে  দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের  কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। এ সময় সংসদ সদস্য আলমগীর ফরিদের  উত্থাপিত  দাবিগুলো  গুরুত্বের সঙ্গে শোনেন তিনি।  মুখ্য সচিব জানান, সরকার   স্থানীয়  জনগণের উন্নয়ন  ও  কল্যাণকে  গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন   করছে।  মেগা  প্রকল্পের সুফল যেন স্থানীয় জনগণ   অগ্রাধিকার   ভিত্তিতে   পায়    এবং   তাঁদের জীবনযাত্রার  মান  উন্নত  হয়, সে  বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জাতীয়  অর্থনীতির  পাশাপাশি  স্থানীয় উন্নয়নও হোক অগ্রাধিকারঃ- বিশ্লেষকদের মতে, মাতারবাড়ীর উন্নয়ন পরিকল্পনা   দেশের    অর্থনৈতিক   অগ্রযাত্রায়   নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে বড় অবকাঠামো নির্মাণের পাশাপাশি   স্থানীয়  জনগণের  জীবনমান, কর্মসংস্থান, পরিবেশ  ও  পুনর্বাসনের  বিষয়গুলো  সমান গুরুত্ব না পেলে উন্নয়নের সুফল নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
মাতারবাড়ীকে ঘিরে জাতীয় পর্যায়ের অর্থনৈতিক স্বপ্ন বাস্তবায়নের   পাশাপাশি   স্থানীয়  মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণই  এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই পরিদর্শন   এবং   সংসদ   সদস্য   আলমগীর ফরিদের উত্থাপিত   দাবিগুলো   বাস্তবায়নে   কার্যকর  সরকারি উদ্যোগ   নেওয়া   হলে    মাতারবাড়ীর  উন্নয়ন স্থানীয় জনগণের   জন্যও   নতুন   সম্ভাবনার  দ্বার খুলে দিতে পারে।
পরিদর্শনকালে   মহেশখালী    উপজেলা    প্রশাসনের ঊর্ধ্বতন    কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট    পরিচালক  এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর  মুখ্য  সচিব  এ.বি. আব্দুস  সাত্তার আজ সকালে  মহেশখালীতে আগমন করলে তাঁকে  পুষ্পিত শুভেচ্ছা জানিয়েছেন- মহেশখালী  উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইমরান   মাহমুদ   ডালিম  এবং  সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়েত আহমেদ।