সম্বন্ধ ভেঙেছে নদীর পাড় ভাঙার মত
ছবি দেখেই নিঃশব্দে অনভিপ্রেত
পরে খবর আসার শূন্যস্থানে যোগ হয়েছে তের বার।
মেয়েটি সুন্দরী নয়
তিলোত্তমা, রম্ভা তো নয়ই
সাদামাটা ধূসর রঙ তার।
তবুও মন আছে, আছে অনন্ত আকাশের মত আশা
একদিন পাখি হয়ে ছুঁয়ে ফেলে এডিটিং
রঙ খোলে খাসা,
বুকে শিরশির করে আসে দক্ষিণা বাতাস
আনন্দে হাসে ঠোঁট
এই ফাগুনেই ঠিক হবে বাসা।
কথা হয় চুপিসারে অনস্ক্রিন জুড়ে
খেয়েছো? কেমন আছো?
আনচান আনচান লাগে অল্প সময়ের ব্যবধানে,
গলে গলে পড়ে মনে মাখা মোম
যত্নে আকুল সুখ
দোলা দেয় প্রাণে।
অতঃপর দেখা হবে দুজনেই মানে
মুখোমুখি, পাশাপাশি
হাঁটাহাঁটি সবকিছু একসাথে,
লগ্নের কাঁটা দেখে কফিশপে বসে
দুজনেই বিজ্ঞানী
উদ্বায়ী রূপ নিয়ে হাতে
নেপথ্যে আর্কিমিডিস ধ্রুবতারা হয়ে ভাসে।