চাঁপাইনবাবগঞ্জে গুঁড়িয়ে বন্ধ করে দেয়া হল ৪টি অবৈধ ইটভাটা,১৮ লক্ষ টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০৮ ২১:২৮:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায় জেলা পরিবেশ অধিদপ্তরের  উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের  অভিযানে অবৈধ ৪টি ইটভাটা ভেঙ্গে-গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে ৩টি ভাটাকে ১৮ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোবরাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ঊইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে অভিযানে কাঠ পোড়ানো এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালনার অভিযোগে ভাটাগুলোর চিমনি ও কিলন পুরোপুরি ভেঙ্গে ফেলে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় বলেন, অভিযানে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন  ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ৪টি ভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এআরবি ব্রিকস ও মেসার্স টিজিবি ব্রিকসসের কার্যক্রম বন্ধ করে ৬ লক্ষ টাকা করে ১৮ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মেসার্স তামিম ব্রিকসসের কার্যক্রমও  সম্পূর্ণ বন্ধ করা হয়। সেবা ব্রিকসসের বৈদ্যূতিক মিটার খুলে নেয়া হয়।
অভিযানে পুলিশ,এসআরবি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এবং বিদ্যূৎ বিভাগের কর্মীরা সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর।