চাঁদের জোছনা এনে তোমায় দেব
তারায় তারায় রাত সাজাব,
ওরে অবোধ বালক
তোমার হাতে জোনাক দেব,
শরতের শিউলি?
ভোরের শিশির?
কি চাই আর?
আমি রজনীগন্ধা
যার সুবাস নেই কোনো,
চাও যদি আমি হব
নীল দরিয়ার একখানা ডিঙ্গি
আমার উপর ভাসবে তুমি
কাটাবে সারা বেলা।
আমি হব দুপুরের উঠোন
চড়া রোদে দাপিয়ে বেড়াবে
আমার উপর,
আমি হব ধানের ক্ষেত
আমার উপর বেড়াবে আল ধরে।
আমি হব বাঁশ বাগান
তারই ফাঁকে জোছনা পড়বে ঢলে,
বিরান মাঠে আমি হব একটি
বটের ছায়া,
তারই মাঝে বসবে তুমি
ক্লান্ত মানিক মায়া।
আমি হব আসমান ভাঙ্গা বৃষ্টি
তারই তলে ইচ্ছে দুপুর
করবে তুমি সৃষ্টি,
হই যদি আমি রাঙা পলাশ
কিম্বা কৃষ্ণচূড়া,
তারই সাথে কুড়িয়ে নিও
আমার ভাঙ্গা হিয়া।