‘কোনো ষড়যন্ত্রই গণতন্ত্রকামী জনগণকে দমাতে পারবে না’: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-০৮ ০৯:২১:২০
image

সকালের আলো ডট কম
দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অতীতের মতো এবারও সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আমরা সকল ষড়যন্ত্রের জবাব দেব।’
একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ প্রতিটি সংকটময় সময়ে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও সেই ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
তিনি বলেন, ‘আজকের এই র‌্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার দিন। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, সেটি হোক গণতন্ত্র রক্ষার দিন।’
সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
প্রধানমন্ত্রী বলেন,৭ নভেম্বর জাতীয় ঐক্যের দিন। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন, একই সঙ্গে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়ের দিন।
দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, একটি পক্ষ আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে এবং অতীতের মতো ‘আমি-ডামি’ নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। এমন কোনো সুযোগ আর দেওয়া হবে না।
তারেক রহমান বলেন, ‘যে দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করতে পারে, যে দেশের মানুষ ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ঘটাতে পারে, যে দেশের মানুষ ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।’
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যে অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টও দেশের মানুষের আন্দোলন ও অংশগ্রহণের মধ্য দিয়ে একই ধরনের অপশক্তি পরাজিত হয়েছে।
সমাবেশে প্রধানমন্ত্রী নিজেই স্লোগান ধরেন,‘দিল্লি নয়,পিণ্ডি নয়,নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ,সবার জন্য বাংলাদেশ।’ তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও স্লোগানে কণ্ঠ মেলান।
শনিবার দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ জ্যেষ্ঠ নেতারা।
নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে তাঁরা র‌্যালিতে অংশ নেন। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে র‌্যালিতে যোগ দেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাঁর সঙ্গে র‌্যালিতে অংশ নেন।
বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। সেখানে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে অতীতের রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান উঠে আসে।

তথ্যসূত্র: বাসস,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য।

তারেকরহমান,৭নভেম্বরজাতীয়বিপ্লবওসংহতিদিবস,সার্বভৌমত্বর‍্যালি