৭ নভেম্বরের মধ্য দিয়ে জাতি নতুন আশার দিশা পেয়েছিল: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-০৭ ০৯:৪৪:২৫
image

সকালের আলো ডট কম
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে আশার দিশা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়। এতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে ধারাবাহিক রাজনৈতিক সংঘাত ও রক্তপাত দেশের পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
তিনি আরও বলেন,১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করে রাখা হয়েছিল। এ ঘটনায় দেশের মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন। তাঁর মুক্তিকে কেন্দ্র করে জাতি নতুন করে আশার আলো দেখতে পেয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন,তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে অগ্রসর হয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল। তাঁর দাবি, সে সময় বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে। দিবসটি ঘিরে রাজধানীসহ বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কর্মসূচি পালনের প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে।

রুহুল কবির রিজভী,৭ নভেম্বরের ইতিহাস,জিয়াউর রহমান