অর্ধশতাধিক গাছ থেকে অপসারতি হলো লোহার পেরেক

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-০৬ ২৩:২০:১৪
image
গাছের সুরক্ষায় নিয়মিত উদ্যোগে রাজধানীতে গাছের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘রান ফর গ্রীন বাংলাদেশ’। সংগঠনটির চলমান কর্মসূচি ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর আওতায় আগারগাঁও থেকে নির্বাচন অফিস পর্যন্ত সড়কের বিভিন্ন গাছের গায়ে পুঁতে রাখা লোহার পেরেক অপসারণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ই কর্মসূচিতে অর্ধশতাধিক গাছ থেকে বিভিন্ন প্রকারের লোহার পেরেক অপসারণ করেন সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা। গাছের গায়ে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর জন্য প্রায়ই পেরেক ঠুকে দেওয়া হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে গাছের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে পড়ে। গাছের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি এবং গাছকে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে রক্ষা করাই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মূল উদ্দেশ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রান ফর গ্রীন বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন আবির, এক্সিকিউটিভ কমিটির সদস্য কাউছার হামিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। সংগঠন সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় প্রতি সপ্তাহের শুক্রবার নিয়মিতভাবে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ পরিচালিত হবে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছের গায়ে পুঁতে রাখা পেরেক অপসারণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। রান ফর গ্রীন বাংলাদেশ মনে করে, পরিবেশ রক্ষায় শুধু নতুন গাছ লাগানোই যথেষ্ট নয়, বিদ্যমান গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সংগঠনটির এই উদ্যোগ অব্যাহত থাকবে। সংগঠনটির আহ্বান—গাছের গায়ে পেরেক নয়, গাছকে বাঁচতে দিন। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, বাঁচবে আমাদের ভবিষ্যৎ।